
সম্বিত পাত্র।
শেষ আপডেট: 21 May 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: ভগবান জগন্নাথদেব মোদীর ভক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঢেউ বিজেপির মাথার উপর চড়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কসহ বাংলার তৃণমূল কংগ্রেসও তীব্র নিন্দা করেছে সম্বিত পাত্রের।
তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, পুরীর জগন্নাথদেবের সঙ্গে বাংলা ও বাঙালির যুগ যুগ ধরে সম্পর্ক। বাঙালি মাত্রেই জগন্নাথদেবের ভক্ত। সেই জগন্নাথদেবকে অপমান করেছেন বিজেপি নেতা। আসলে ওদের ঔদ্ধত্য দিন দিন বেড়ে গিয়েছে। নিজেকে জগন্নাথভক্ত বলে ব্যাখ্যা করে শশী এক ট্যুইট বার্তায় লিখেছেন, ওনার কথা শুনে আমি গভীর দুঃখ পেয়েছি। শুধু আমি নই, আপামার জগন্নাথ ভক্তদের এই অপমান আঘাত করেছে। আমি এই ঘটনার নিন্দা করছি।
পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র সোমবার রাতে ওড়িশার একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে জগন্নাথকে মোদীর ভক্ত বলে ফেলেন। পরে তিনিই বলেন, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। কিন্তু, সোম সকালেই পুরীতে মোদীর বিরাট রোড শোয়ে সাফল্যের দুধে একফোঁটা চোনা ঢেলে দেন প্রার্থী নিজেই।
তারপর থেকেই সমালোচনা ও নিন্দার ঝড়ে টালমাটাল হয়ে পড়েন সম্বিত পাত্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত মন্তব্য করেন, এটা পাত্রের বক্তব্য নয়, গোটা বিজেপি দলটারই মনের কথা। এসবের জবাবে সম্বিত পাত্র নিজেকে 'শুদ্ধ' করতে প্রায়শ্চিত্তের ঘোষণা করেছেন।
সম্বিত বলেছেন, প্রভু জগন্নাথদেবের শ্রীচরণে আমি অপরাধ করেছি। তাই এর প্রায়শ্চিত্ত করব। প্রথা ও রীতি অনুযায়ী উপবাস করে আমার পাপমুক্তির চেষ্টা করব। তাঁর কথায়, প্রভু জগন্নাথ হলেন বিশ্বসংসারের নাথ। তাঁকে কখনও মোদীভক্ত বলতে পারি আমি! ভুল করে মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি মহাপ্রভুর শ্রীচরণে উপবাস রেখে প্রায়শ্চিত্ত করে পাপস্খালন করার ব্রত রাখব।