লোকসভায় বক্তৃতায় রাহুল তিনটি বিষয় তুলে ধরেন, যা তাঁর মতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় সরকারের মেনে চলা উচিত ছিল।

রাহুল গান্ধী ও ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 11 February 2026 15:54
দ্য ওয়াল ব্যুরো: ভারত-আমেরিকা (India US Trade Talk) অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘিরে লোকসভায় ফের সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কংগ্রেস সাংসদ দাবি করেন, ‘ইন্ডিয়া’ ব্লক (India Bloc) আলোচনায় থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) সঙ্গে “সম-মর্যাদায়” কথা বলত, “ভৃত্যের মতো নয়”। তাঁর অভিযোগ, কেন্দ্র ট্রাম্পকেই চুক্তির শর্ত নির্ধারণ করতে দিয়েছে, ফলে ভারতের দরকষাকষির অবস্থান দুর্বল হয়েছে।
রাহুলের তিন বার্তা
লোকসভায় বক্তৃতায় রাহুল তিনটি বিষয় তুলে ধরেন, যা তাঁর মতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় সরকারের মেনে চলা উচিত ছিল।
প্রথমত, তিনি বলেন, “আপনি যদি ডলারকে শক্তিশালী রাখতে চান, ভারত আপনার বন্ধু। আমেরিকার ডলারকে সুরক্ষিত রাখতে যে সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ডেটা ভারতের মানুষের কাছে।” তাঁর দাবি, মার্কিন সংস্থাগুলি যদি ভারতীয় তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চায়, তবে তাদের ভারতের সঙ্গে “সমান হিসেবে” কথা বলতে হবে।
দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গ তোলেন তিনি। ট্রাম্পের মন্তব্যে ইঙ্গিত মিলেছিল, নতুন চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর মন্ত্রীরা এ বিষয়ে সরাসরি কিছু জানাননি। রাহুলের বক্তব্য, “এখন আমেরিকা ঠিক করবে আমরা কার কাছ থেকে তেল কিনব, প্রধানমন্ত্রী নয়।”
তৃতীয়ত, কৃষকদের স্বার্থরক্ষার প্রশ্নে তিনি বলেন, “আমরা বুঝি ট্রাম্পের ভোটব্যাঙ্ক আছে, তিনি তাঁর কৃষকদের রক্ষা করবেন। কিন্তু আমরা আমাদের কৃষকদেরও রক্ষা করব। আমাদের পাকিস্তানের সঙ্গে এক কাতারে দাঁড় করানো যাবে না।”
এর পাশাপাশি, রাহুল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, সংবেদনশীল কৃষি বাজার মার্কিন পণ্যের জন্য খুলে দিয়ে সরকার “ভারতকে বিক্রি করে দিয়েছে”। তাঁর বক্তব্য, “আপনারা কি লজ্জা পান না? দরজা খুলে দিয়েছেন যাতে আমাদের গরিব চাষিদের চূর্ণ করা যায়।”
তবে গত সপ্তাহে প্রকাশিত ভারত-আমেরিকা বাণিজ্য কাঠামো অনুযায়ী, কৃষি ও দুগ্ধক্ষেত্রে ভারতের ‘রেড লাইন’ মোটের উপর বজায় রয়েছে বলেই সরকারি সূত্রের দাবি।
বিজেপির পাল্টা
রাহুলের মন্তব্যে তীব্র আপত্তি জানায় কেন্দ্র। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কেউ জন্মায়নি যে ভারতকে ছুঁতে বা বিক্রি করতে পারে।” প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যেরও কড়া বিরোধিতা করেন তিনি।
পরে সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী রাহুলের ভাষাকে “সড়কছাপ” বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, ইউপিএ জমানায় ভারত-আমেরিকা পরমাণু চুক্তির সময় কংগ্রেসই নতজানু হয়েছিল। ভলকার রিপোর্টের প্রসঙ্গও তোলেন তিনি।
বাজেট অধিবেশনে উত্তাপ
বাজেট অধিবেশনের প্রথম দু'-সপ্তাহেই একাধিক বিতর্কে উত্তপ্ত হয়েছে সংসদ। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারাভানের অপ্রকাশিত বই থেকে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ তোলায় যেমন হট্টগোল হয়েছিল, তেমনই এ বার বাণিজ্য চুক্তি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুলের মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা বাড়াল বলেই মনে করছে সংসদ মহল।