
শেষ আপডেট: 17 December 2023 14:58
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের পারস্পরিক উত্তেজনার অন্যতম প্রধান ইস্যু কাশ্মীর। দু’দেশেরই অভ্যন্তরীণ রাজনীতিও অনেক ক্ষেত্রে আবর্তিত হয় কাশ্মীরকে কেন্দ্র করে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান, কাশ্মীর নিয়ে মুখ খোলে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ভারত সরকার। এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশীথ দাবি করেছেন যে, পাক অধিকৃত কাশ্মীরে যে কোনও দিন তেরঙ্গা উড়তে পারে।
দিন কয়েক আগেই সংসদে কাশ্মীর সংক্রান্ত দু'টি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিল পেশ করার সময় তিনি বলেন, 'নতুন বিলে পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন থাকছে। কারণ পিওকে (পাক অকুপায়েড কাশ্মীর) আমাদেরই অংশ।' তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত সরকার কি এবার পাক অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করছে? যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি নেই। তবে এদিন অমিত শাহের ডেপুটি নিশীথের দাবিতে ফের সেই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়ে গেল।
ওয়াকিবহাল মহলের মতে, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের একবার কাশ্মীর ইস্যুকে জাগিয়ে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। ৩৭০ ধারা অবলুপ্তির পর জম্মু ও কাশ্মীরের বিধানসভায় আসন বিন্যাস নিয়ে সংসদে সংশোধিত বিল এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিলে প্রস্তাব করা হয়েছে জম্মুর আসন সংখ্যা ৩৭ থেকে বাড়িয়ে ৪৩ এবং কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে বাড়িয়ে ৪৭ করার।
এদিনের সাক্ষাৎকারে নিশীথ বলেন, ৩৭০-এর মতো ধারাকে কাশ্মীর থেকে যদি অবলুপ্ত করা যায়, লালচকে যদি ভারতের তেরঙ্গা উড়তে পারে, তবে পাক অধিকৃত কাশ্মীরে নয় কেন? এরপরই বিজেপি সাংসদ দাবি করেন, 'কোনওদিন সকালে উঠে দেখতে পারেন পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা উড়ছে।'
নিশীথের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তখন যেকোনও রকম কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। তাই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করার ব্যাপারে সিদ্ধান্তও যেকোনও দিন হতে পারে। কবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে? নিশীথের কথায়, 'ওনারা তো আগাম জানিয়ে কিছু করেন না। ৩৭০ ধারার ক্ষেত্রেও আমরা অনেকেই অবগত ছিলাম না। এমন সিদ্ধান্ত আচমকাই এসেছিল।'
নিশীথ মোদী ও শাহের প্রসঙ্গ টেনে আরও বলেন, 'যে দু'জনের কথা বলছি তাঁরা দেশের সম্মান এবং স্বার্থের জন্য যা যা প্রয়োজন তা করতে পারেন। যদি হঠাৎ করে একদিন দেখি পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা উড়ছে তাতে অবাক হওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের দখলে আছে। কিন্তু সেটা ভারতের অংশ। আমরা জোর গলায় সেটা স্বীকার করি।'
নিশীথের এই দাবির পরেই রাজনৈতিক মহল আলোড়িত হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনের আগেই কি পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রের সঙ্গে জুড়ে ফেলার পরিকল্পনা করছে বিজেপি, তাই নিয়েই আলোচনা তুঙ্গে।