
মুখ্যমন্ত্রী মোহন যাদব।
শেষ আপডেট: 14 September 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে নর্মদা তীরবর্তী ও ধর্মীয় মাহাত্ম্য জড়িত শহরগুলোতে মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করতে চলেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার বলেন, নর্মদার পবিত্রতা এবং আশীর্বাদ সংরক্ষণে সরকার সক্রিয় হচ্ছে। পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে নর্মদা তীরবর্তী ধর্মীয় শহরগুলিতে মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করা যায়। সূত্রে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী যাদব বলেন, মা নর্মদার আশীর্বাদ ও পবিত্রতা রক্ষায় রাজ্য সরকারের সব দফতরকে সঙ্গে নিয়ে পদক্ষেপ করা হবে। এই কাজের প্রথম দফাতেই ধর্মীয় স্থানগুলিতে মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। আমি আশা করি, এই সিদ্ধান্ত নভেম্বরে পর্যালোচনা করা হবে। কারণ এটা একদিনে নেওয়া বা কার্যকর করা সম্ভব নয়।
উল্লেখ্য, রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একে পবিত্র পদক্ষেপ বলে বর্ণনা করেছে বিরোধী দল। দলনেতা জিতু পাটোয়ারি বলেন, এটা অত্যন্ত পবিত্র একটি সিদ্ধান্ত। যদি মুখ্যমন্ত্রী এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমরা তাঁকে স্বাগত জানাই। খোদ মুখ্যমন্ত্রী মহাকাল কি নগর অর্থাৎ উজ্জয়িনীর বাসিন্দা। প্রথম সেখানেই মদ বিক্রি নিষিদ্ধ করা হোক। উনি যদি তা করতে পারেন, আমরা তাহলে তাঁকে অভিনন্দন জানাব।
উল্লেখ্য, শুক্রবার রাজ্য ক্যাবিনেটে নর্মদা বাঁচাও সম্পর্কিত একটি অ্যাকশন প্ল্যানের ভাবনাচিন্তা হয়। যেখানে নর্মদাকে পরিষ্কার রাখা, গতিপ্রাপ্ত করা এবং তীরবর্তী এলাকা সৌন্দর্যায়নের আলোচনা হয়। ওই বৈঠকে নদী তীরের নজরদারি করা হবে উপগ্রহ ছবি এবং ড্রোন মারফত। সেখানে মদ-মাংস বিক্রি বন্ধ করে দেওয়া হবে।
১৩১২ কিমি দীর্ঘ নর্মদার উৎস অমরকণ্টকে। এবং তা গিয়ে মিলেছে খাম্বাটে। শুধু মধ্যপ্রদেশেই ১০৭৯ কিমি পথ অতিক্রম করেছে নর্মদা। যার মধ্যে পড়েছে ২১টি জেলা, ৬৮টি তহসিল এবং ১১২৬টি ঘাট। মন্ত্রিসভার সিদ্ধান্তটি কেবলমাত্র ধর্মীয় স্থানগুলিতে প্রযোজ্য হবে বলে অনুমান। বৈঠকে আরও স্থির হয়েছে যে, কোনও নিকাশির জল নর্মদার জলে ফেলা যাবে না।