
৮ম বেতন কমিশন
শেষ আপডেট: 17 January 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের মাসিক বাজেটে চাপ বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে ৮ম বেতন কমিশনের ঘোষণা। ২০২৫ সালের সাধারণ বাজেটের ঠিক আগে এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন যে শীঘ্রই ৮ম বেতন কমিশন গঠিত হবে। কিন্তু মূল প্রশ্ন হল, এই কমিশনের সুপারিশে পেনশনে কি সত্যিই বড় ধরনের বৃদ্ধি দেখা যাবে, নাকি বৃদ্ধি হবে সীমিত?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন এবং পেনশন পান, যা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ৮ম বেতন কমিশন পেনশনের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিমলিজের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ইকোনমিক টাইমস-কে জানিয়েছেন, “পেনশনের বৃদ্ধি গড়পড়তায় বেতনের বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এটি ২.৫-২.৮ গুণের ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বাড়তে পারে, ফলে বর্তমানে ৯,০০০ টাকা পেনশন বেড়ে ২২,৫০০ থেকে ২৫,২০০ টাকার মধ্যে পৌঁছতে পারে।”
ফক্স অ্যান্ড মন্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস এলএলপির অংশীদার সুমিত ধর বলেন, “যদি সরকার ৮ম বেতন কমিশনে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করে, তবে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন এবং পেনশন প্রায় ১৮৬% বৃদ্ধি পাবে।”
সিংহানিয়া অ্যান্ড কোম্পানির অংশীদার ঋতিকা নায়ারের মতে, “পূর্ববর্তী বেতন কমিশনগুলোর গড় বৃদ্ধির ভিত্তিতে অনুমান করা যায়, ৮ম বেতন কমিশন প্রায় ২০-৩০% পেনশন বৃদ্ধির সুপারিশ করতে পারে। তবে, প্রকৃত বৃদ্ধি নির্ভর করবে কমিশনের বিবেচ্য অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেটে আর্থিক সীমাবদ্ধতার ওপর।”
এসকেভি ল’ অফিসেস-এর সিনিয়র অ্যাসোসিয়েট নিহাল ভরদ্বাজও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “৮ম বেতন কমিশনের অধীনে পেনশন, বেতন সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় ২৫-৩০% বৃদ্ধি পেতে পারে। ৬ষ্ঠ ও ৭ম কমিশন যেমন বেতন বৃদ্ধির সঙ্গে পেনশন বৃদ্ধি করেছে, তেমনই এই কমিশনও একই পথ অনুসরণ করবে বলে আশা করা যায়।”
ফিটমেন্ট ফ্যাক্টর, যা সংশোধিত বেসিক পে ও পেনশন নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, - সেটাই বৃদ্ধির মূল চাবিকাঠি। উদাহরণস্বরূপ, যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ ধরা হয় এবং বর্তমান বেসিক পেনশন ৩০,০০০ টাকা হয়, তবে সংশোধিত বেসিক পেনশন বেড়ে ৭৫,০০০ টাকা হতে পারে।
নতুন পেনশন কাঠামোর শুরুতে সাধারণত মহার্ঘ ভাতা (ডিএ) শূন্য হয়ে যায়। সময়ের সঙ্গে মুদ্রাস্ফীতি সামলানোর জন্য পেনশনভোগীরা নিয়মিত ডিএ বৃদ্ধি পেতে থাকেন।
৮ম বেতন কমিশন শুধুমাত্র বেতন নয়, পেনশন বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। তবে, পেনশনের সঠিক বৃদ্ধির পরিমাণ কমিশনের রিপোর্ট জমা দেওয়া এবং সরকার অনুমোদন দেওয়ার পরেই জানা যাবে। তবু, চুম্বকে বলা যায়, পেনশনভোগীদের জন্য এটি একটি আশার আলো।