
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 March 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: অন্য পুরুষের সঙ্গে মোবাইলে মজার ছলে হলেও কদর্য-কুৎসিত-অশ্লীল ভাষায় বার্তালাপ স্বামীর প্রতি মানসিক নিষ্ঠুরতার শামিল। এই মন্তব্য করে এক স্বামীর বিবাহ বিচ্ছেদে আইনি সিলমোহর দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। স্বামীর আনা বিবাহ বিচ্ছেদ মামলাকে স্বীকৃতি দিয়ে নিম্ন আদালত আগেই তা মঞ্জুর করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মহিলা উচ্চ আদালতের দ্বারস্থ হলেও হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্তকেই মান্যতা দেয়।
হাইকোর্টের বিচারপতি বিবেক রুসিয়া এবং বিচারপতি গজেন্দ্র সিংয়ের ইন্দোর বেঞ্চ বলেছে, অন্য পুরুষের সঙ্গে মোবাইলে স্ত্রীর নোংরা চ্যাটিং কোনও স্বামীই মেনে নিতে পারেন না। আদালত আরও বলে, বিয়ের পর স্বামী অথবা স্ত্রীর মোবাইলে বার্তালাপ করার পূর্ণ অধিকার রয়েছে। বন্ধু তা সে পুরুষ কিংবা নারী হোক, তাদের সঙ্গে অবাধে কথাবার্তা, ছবি চালাচালি, মেসেজ ফরোয়ার্ড যাই হোক করায় কোনও নিষেধ নেই। কিন্তু, সেসবের মধ্যেও একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত ভদ্রতা, শ্লীলতার সীমারেখা থাকা আবশ্যিক। বিশেষত তা সে যদি বিপরীত লিঙ্গের কেউ হয় তো, শ্লীল-অশ্লীলের একটা সীমারেখা টানা উচিত। এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর পক্ষে আপত্তিজনক এমন কিছু করা কারওরই করা উচিত নয়।
আদালত সাফ জানিয়েছে, স্বামীর অনবরত আপত্তি সত্ত্বেও স্ত্রী যদি এ ধরনের কাজ করেই চলেন, তাহলে তাকে মানসিক নির্যাতন বলেই গণ্য করা উচিত। মামলার বিবরণে জানা গিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরে হিন্দু মতে এই দম্পতির বিয়ে হয়। ব্যাঙ্ক ম্যানেজার স্বামী আংশিক শ্রবণশক্তিহীন। স্বামী বিবাহ বিচ্ছেদের আর্জিতে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে কালার মা বলে ডাকেন। বিয়ের দেড় মাসের মধ্যে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং আর ওই বাড়িতে ফিরতে অস্বীকার করেন।
স্বামীর আরও অভিযোগ, আগের প্রেমিকের সঙ্গে তাঁর স্ত্রী হোয়াটসঅ্যাপে অশ্লীল কথাবার্তা বলেন এবং শারীরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে আগের যৌন সম্পর্ক নিয়েও তাঁদের মধ্যে বার্তালাপ হয়। বাধা দিলে স্ত্রী অন্য অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান স্বামীকে। এই স্বামী অভিযোগে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ ও তাঁর শ্বশুরমশাইয়ের জবানবন্দিও হাজির করেন। স্ত্রীর বাবা একটি লিখিত বয়ানে জানান, তাঁর মেয়ের আচরণে গোটা পরিবারের মুখ পুড়েছে। এসব তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে পারিবারিক আদালত স্বামীর বিবাহ বিচ্ছেদের পক্ষে সায় দিয়েছিল ২৪ জুন, ২০২৩ সালে।