এক পর্যায়ে হঠাৎই স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাম খেলাবন এবং তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 June 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন সন্দেহে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন এক যুবক। ঘটনা উত্তরপ্রদেশের হারদোই এলাকার। অভিযুক্ত রাম খেলাবনকে আটক করেছে পুলিশ। এদিকে তরুণীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সি ওই তরুণী গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঘটনার দিন। যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে দাবি করছেন রাম খেলাবন। তাঁদের গতিবিধি আঁচ করে তরুণীকে অনুসরণ করেন যুবক। প্রেমিকের বাড়িতে গিয়ে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই শুরু হয় দু’জনের মধ্যে প্রবল বচসা।
এক পর্যায়ে হঠাৎই স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাম খেলাবন এবং তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। ঘটনাটি প্রেমিকের সামনেই ঘটে। তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
হরিওয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে হারদোই মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাঁর আঘাত গুরুতর। ফলে উন্নত চিকিৎসার জন্য লখনউয়ে রেফার করেন।
ঘটনার বিষয়ে হারদোই জেলার অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, এমন ঘটনা বিরল। আক্রোশের জেরেই আক্রমণ। অভিযুক্ত রাম খেলাবনকে আটক করে জেরা করা হচ্ছে। অন্যান্য আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গে এমন এক ঘটনা হয়েছিল। ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেলেছিলেন তাঁর স্বামী। সেক্ষেত্রেও বচসার জেরেই ঘটনাটি হয়। অর্ধেক নাক নিয়ে মহিলা নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান।