সেখানে দেরিতে পৌঁছনোর শৃঙ্খলাভঙ্গের দায়ে রায়বরেলির সাংসদকে ১০টি ডন মারার শাস্তি দেওয়া হয়।
.jpeg.webp)
দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের নীতিশৃঙ্খলা অত্যন্ত কঠিন।
শেষ আপডেট: 10 November 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। যে সে শাস্তি নয়, সকলের সামনে ১০বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। গত শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে দেরিতে পৌঁছনোর শৃঙ্খলাভঙ্গের দায়ে রায়বরেলির সাংসদকে ১০টি ডন মারার শাস্তি দেওয়া হয়। সকলের সামনে রাহুল সেই নির্দেশ পালন করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের নীতিশৃঙ্খলা অত্যন্ত কঠিন। সকল সদস্যের জন্য একই শৃঙ্খলাবোধ প্রয়োগ করার জন্য প্রতীকী শাস্তি দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ছাড় পাননি গান্ধী পরিবারের এই সদস্যও। রবিবার সান্ধ্য শিবিরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল প্রায় ২০ মিনিট দেরিতে পৌঁছন।
সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শিবিরেরর প্রধান শচীন রাও মজা করে বলেন, শিবিরে যোগদানকারী সকল সদস্যকেই দেরিতে আসার জন্য শাস্তি ভোগ করতে হয়। রাহুল গান্ধী জানতে চান, তিনি কী বলতে চাইছেন। রাওয়ের জবাব ছিল, দশবার ডন মারতে হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা তা পালন করেন। নিজের আসনে বসার আগেই দেরিতে আসার শাস্তি হিসেবে ১০ বার ডন মেরে নেন রাহুল।
রাহুলকে ওই দৃশ্যে দেখতে অনভ্যস্ত কংগ্রেস সদস্যরা অনেকেই হাসেন, কেউ দলনেতার প্রশংসা করেন, অনেকেই মোবাইলে তাঁর ছবিবন্দি করে নেন। এই সামান্য সময়ের ঘটনার পর রাহুল গান্ধী নতুন জেলা সভাপতিদের উদ্দেশে ভাষণ দেন। সাংগঠনিক লক্ষ্য এবং প্রশিক্ষণ কৌশল সম্পর্কে তাঁদের অবগত করেন।
পাঁচমারিতে রাহুল জঙ্গল সাফারিও করেন। যা নিয়ে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা তাঁকে পর্যটন ও পার্টি করা নেতা বলে ব্যঙ্গ করেন। বিহারে যখন নির্বাচন চলছে তখন রাহুল পাঁচমারিতে জঙ্গল সাফারিতে গিয়ে মজা করে বেড়াচ্ছেন। এরপরেও যদি তিনি হেরে যান, তখন নির্বাচন কমিশনকে দোষ দেবেন।