
দোকানে হানার সময়ের ছবি
শেষ আপডেট: 6 September 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে শোরগোল। দেদার বিক্রি হচ্ছে ‘হুইস্কি আইসক্রিম’। এবার এই চক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিল করা হয়েছে একটা দোকানও।
পুলিশ সূত্রে খবর, একটি দোকান থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে। জানা গেছে ১০০ মিলিলিটার হুইস্কির সঙ্গে ৬০ গ্রাম আইসক্রিম মিলিয়ে চড়া দামে বিক্রি করা হতো এই আইসক্রিম।
শরৎচন্দ্র রেড্ডি, দয়াকর রেড্ডি এবং শোভন নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরনের আইসক্রিম আর কোথায় কোথায় বিক্রি হয়, কারা এর সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে জুবিলি হিলসের বেশ কয়েকটি আইসক্রিম পার্লারে হানা দেয় আবগারি দফতর। পুলিশ সূত্রে খবর, আইসক্রিমের সঙ্গে হুইস্কি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল সেখানে। বেশ সাড়াও পড়ে গিয়েছিল।