চোখে জল, গলা ভারী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “রোহিণী সব সময় সত্যিটাই বলে।” একই সঙ্গে জানালেন, তিনি পরিবারকে নয়, কেবলমাত্র ভাই তেজস্বীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।

রোহিণী আচার্য
শেষ আপডেট: 16 November 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি দান করে যাঁকে গোটা দেশ চিনেছে, সেই রোহিণী আচার্য (Rohini Acharya) এখন নিজের পরিবারেই ঝড়ের কেন্দ্রবিন্দু। নয় সন্তানের মধ্যে দ্বিতীয় রোহিণী, যিনি গত ২৪ ঘণ্টায় আকস্মিকভাবে তেজস্বী যাদবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করে তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘোষণা করেছেন, এবার সেই তিনিই দিল্লিতে দিদি মিসা ভারতীর বাড়ি থেকে বেরোতেই আবেগে ভেঙে পড়লেন।
চোখে জল, গলা ভারী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “রোহিণী সব সময় সত্যিটাই বলে।” একই সঙ্গে জানালেন, তিনি পরিবারকে নয়, কেবলমাত্র ভাই তেজস্বীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। তেজস্বীর দিকে আঙুল তুলে বলেছেন, ‘আমাকে অপমান করা হয়েছে’। রোহিণীর অভিযোগ, তেজস্বী এবং তাঁর ঘনিষ্ঠ দুই বন্ধু, সঞ্জয় যাদব ও রমিজ তাঁকে “পরিবার থেকে বের করে দিয়েছে”।
তিনি বলেন, “আমার বাবা-মা, আমার দিদিরা— সবাই আমার পাশে আছেন। কিন্তু ভাই আমাকে অপমান করেছে। স্যান্ডেল তুলেও মারতে গিয়েছিল। বাবা সব সময় আমার পাশে থেকেছেন।” বলেন, “কেন শুধু মেয়েরাই সব ত্যাগ করবে? ভাইয়েরাও কি কোনও দায়িত্ব নেয় না?”
পরিবারের অন্দরের সূত্রের দাবি, বিহার বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের বিপর্যয়ের পর তেজস্বী নাকি বোন রোহিণীর উপরই ভর্ৎসনা করেন। এই নির্বাচনে এনডিএ ২০২ আসনে জিতে ‘২০০ পার’ করেছে। অন্যদিকে, আরজেডি ৭৫ থেকে কমে নেমেছে ২৪-এ।
রোহিণী এর আগে জানিয়েছিলেন, তিনি আরজেডি ছাড়ছেন এবং দলের বিপর্যয়ের দায় সঞ্জয় যাদব ও রমিজের কাঁধে দিয়ে দেন। ক'দিন আগেই তিনি পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দাবি করেন, “আমাকে বলা হয়েছে আমি নাকি নোংরা কিডনি বাবাকে দান করেছি। কোটি কোটি টাকা নিয়েছি, জোর করে টিকিট কিনেছি!”
২০১৯-এ কিডনি প্রতিস্থাপনের সময় যাঁকে ‘মহাত্মা কন্যা’ বলা হয়েছিল, সেই রোহিণীর কথায়, “যদি বাড়িতে ভাই থাকে, তবে মেয়েদের বাবাকে বাঁচাতে যাওয়া উচিত নয়, ভাইয়েরই দায়িত্ব। আমি ভুল করেছি।”
তীব্র মানসিক চাপে রোহিণী আপাতত মুম্বইয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছেন। তিনি বলেন, “আমার শাশুড়ি গতকাল থেকেই কাঁদছেন। তাই ওঁদের কাছে যাচ্ছি।”
এই প্রথম নয়। এর আগেই ২৫ মে তেজপ্রতাপ যাদবকে দল এবং পরিবার থেকে সরিয়ে দেওয়া হয় তাঁর ‘সম্পর্ক’ সংক্রান্ত বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। এই ঘটনায় এবার তেজপ্রতাপও বোনের পাশে দাঁড়িয়েছেন। তেজস্বী-ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “বিহারের মানুষ বোনের অপমান মেনে নেবে না। যে ‘জয়চাঁদদের’ জন্য এই সর্বনাশ, তাঁদের বিদায় ঘনিয়ে এসেছে।”
তিনি আরও বলেছেন, “বোনের ওপর স্যান্ডেল তোলা হয়েছে শুনে খুবই কষ্ট হয়। কয়েকজনের কারণে তেজস্বীর বিচারবুদ্ধিও ধোঁয়াশায় ঢেকে গিয়েছে।”