দুই বিচারপতি বলেন, প্রবীণ আইনজীবীর আচরণ আদালতে মর্যাদাহানী করেছে। আদালতের গরিমা রক্ষায় বিচারপতিরা তাঁদের দায়িত্ব থেকে সরবেন না। প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে আদালতের অমর্যাদা করার মামলা চলবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 July 2025 08:51
দ্য ওয়াল ব্যুরো: সেই গুজরাত হাইকোর্ট (Gujrat High court)। বিচার চলাকালে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেওয়া এক আইনজীবীকে দেখা গেল বিয়ার পান করছেন (Senior lawyer drinking beer during virtual hearing in Gujrat High court) । দিন কয়েক আগে ওই হাইকোর্টেই এক মামলাকারী টয়লেটে কোমডে (litigant participate in hearing sitting on commodes) বসে শুনানিতে অংশ নেন। হাইকোর্টের শুনানি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা আছে। যথারীতি দুটি ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
প্রথম ঘটনাটি মঙ্গলবার বিচারপতি সন্দীর ভট্টর এজলাসে হয়। দেখা যায় হাইকোর্টের একজন প্রবীণ আইনজীবী তাঁর মামলায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছেন। তিনি তাঁর চেম্বারে বসে বিয়ার খেতে খেতে বিচারপতির সঙ্গে কথা বলছেন। বিচারপতি ভট্ট পর্দায় সেই দৃশ্য লক্ষ্য করেননি। কিন্তু সিসি ক্যামেরার ছবি ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। শোরগোল পড়ে হাইকোর্টে। প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি এসএস সুপেরিয়া এবং বিচারপতি টি বচ্ছানীর বেঞ্চ আদালতের অমর্যাদা করার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন।
দুই বিচারপতি বলেন, প্রবীণ আইনজীবীর আচরণ আদালতে মর্যাদাহানী করেছে। আদালতের গরিমা রক্ষায় বিচারপতিরা তাঁদের দায়িত্ব থেকে সরবেন না। প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে আদালতের অমর্যাদা করার মামলা চলবে।
অভিযুক্ত আইনজীবী এই ব্যাপারে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, কেউ তাঁর বাড়ি বা চেম্বারে বসে কী খাবেন না কী খাবেন না তা আদালত ঠিক করে দিতে পারে না। তাছাড়া বিয়ার অত্যন্ত প্রচলিত একটি পানীয়।
ইতিমধ্যে সামনে এসেছে অন্য একটি প্রসঙ্গ। তাহল, গুজরাত ড্রাই স্টেট। অর্থাৎ সেখানে মদ বিক্রি নিষিদ্ধ। বিয়ারও বিক্রি হয় না সরকারিভাবে। তাহলে আইনজীবী কীভাবে সেই পানীয় পেলেন।
গত সপ্তাহেই গুজরাত হাইকোর্টের এক বিচারপতির এজলাসে এক বিচারপ্রার্থী ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। দেখা যায় শুনানি চলাকালে তিনি কোমডে বসে আছেন। টয়লেট থেকেই শুনানিতে অংশ নিচ্ছেন।
সেই ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়। যদিও এজলাসে তা বিচারপতির নজর এড়িয়ে যায়। তিনি তাই বিচারপ্রার্থীকে কিছু বলেননি।