
শেষ আপডেট: 26 January 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে দু-দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। বৃহস্পতিবার সন্ধেয় জয়পুরে হাওয়া মহলের কাছে একটি চায়ের দোকানে বসে তাঁকে ইউপিআই সিস্টেম বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
ভারতের ডিজিটালি লেনদেনের অন্যতম মাধ্যম হল এই ইউপিআই সিস্টেম। মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করে সরাসরি মেটানো যায় টাকা। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীকেও দেখা গেল সেভাবেই চা দোকানের বিল মেটাতে। মোদী কীভাবে দোকানীর টাকা মেটালেন তা গুরুত্ব সহকারে দেখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁও।
ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও। তাতেই সামনে এসেছে বিষয়টি। ভিডিওয় দেখা যাচ্ছে, চায়ের দোকানে বসে চা পান করার পর ইউপিআই মাধ্যমে বিলও মেটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
VIDEO | PM Modi and French President Emmanuel Macron interacted over a cup of tea as they visited a tea stall in Jaipur earlier today. PM Modi also used UPI to make a payment at the tea stall. pic.twitter.com/dzRjFTIPHR
— Press Trust of India (@PTI_News) January 25, 2024
রাজস্থানের অম্বর ফোর্ট, সৌরমন্দির পরিদর্শনের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জয়পুরে রোড শোও করেন ম্যাক্রঁ। তারপর হাওয়া মহলের কাছেই একটি চায়ের দোকানে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিয়ে চায়ে পে চর্চা-য় বসেন মোদী। এর আগে রাম মন্দিরের রেপ্লিকাও ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।