
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 December 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: শীতের দাপট ক্রমাগত বাড়ছে, আর তার সঙ্গে দিল্লিতে দূষণের মাত্রাও বেড়ে চলেছে। এই কারণে রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণ বিধির তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন পরিস্থিতি অত খারাপ না হলেও যথেষ্ট খারাপের দিকেই যাচ্ছে।
গত মাসের কথা। নভেম্বরেই দূষণ ব্যাপক হারে বাড়ছিল দিল্লিতে। এয়ার কোয়ালিটি ইনডেক্স এক সময়ে ৯০০-র বেশি হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বা গ্র্যাপ ৪ লাগু করা হয়েছিল। কিন্তু এবার লাগু করা হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা গ্র্যাপ ৩।
গ্র্যাপ কী?
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ২০১৭ সালে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান কার্যকর করার কথা বলেছিল। দিল্লি-এনসিআরের বায়ুদূষণ রোধে পদক্ষেপ নিতেই এর সূচনা করা হয়। এর মূলত চারটি ধাপ রয়েছে।
স্টেজ ১ - খারাপ এয়ার কোয়ালিটি (২০১-৩০০)
স্টেজ ২ - খুব খারাপ এয়ার কোয়ালিটি (৩০১-৪০০)
স্টেজ ৩ - মারাত্মক খারাপ এয়ার কোয়ালিটি (৪০১-৪৫০)
স্টেজ ৪ - মারাত্মকের থেকেও বেশি খারাপ (৪৫০ বা তার বেশি)
গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩-এর ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। নির্মাণ কাজ বা কোনও ভাঙার কাজ করা যাবে না। দিল্লি এনসিআর অঞ্চলে যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিএস ৩-এর নীচে থাকা পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি বের করা যাবে না রাস্তায়। একই সঙ্গে স্কুলগুলিতে হাইব্রিড মডেলে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ, অফলাইনের সঙ্গে অনলাইন ক্লাসও করাতে হবে। অভিভাবকরা ঠিক করবেন তাঁরা সন্তানদের কোন ক্লাস করাবেন।
দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডায় এই নিয়ম লাগু হয়েছে। সম্প্রতি এমন এক রিপোর্ট বেরিয়েছিল যাতে বলা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনন্দিন সহনশীল দূষণের মাত্রা থেকে ৬০ গুণ বেশি ছাড়িয়েছে দিল্লির দূষণ।