জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন।

শুভাংশু শুক্লা এবং প্রশান্ত নায়ার
শেষ আপডেট: 25 June 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সফল উৎক্ষেপণ হয়েছে Axiom-4 Mission-এর। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। তাঁর সঙ্গে আরও যারা এই মিশনে গেছেন তাঁরা তো শুভাংশুর প্রশংসা করেইছেন। একই সঙ্গে তাঁকে প্রশংসায় ভরালেন এই মিশনের ব্যাকআপ পাইলট প্রশান্ত নায়ার (Prashanth Nair)। তাঁর কথায়, শুভাংশুর মতো আত্মবিশ্বাসী মানুষ তিনি খুব কম দেখেছেন।
লখনউয়ের বাসিন্দা ও ভারতীয় বায়ুসেনার পাইলট শুভাংশুকে বর্ণনা করতে গিয়ে প্রশান্ত বলেন, ''ও দারুণ ফোকাসড একজন মানুষ। একবার কোনও সিদ্ধান্ত নিলে, পিছু হটে না। অনেক আগেই আইএসএস-এ প্রথম ভারতীয় হওয়ার লক্ষ্য ঠিক করেছিল শুভাংশু। তারপর কোনও কিছুই ওঁকে আটকে রাখতে পারেনি।'' প্রশান্ত মনে করান, গগনায়ন মিশনের ট্রেনিংয়ের জন্য কয়েক মাস আগে শুভাংশুর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। বিগত ১০ মাস টানা একসঙ্গে ট্রেনিং করেছেন তাঁরা। সেই ট্রেনিংয়ের অভিজ্ঞতাও যে দারুণ ছিল, তা জানাতে ভোলেননি প্রশান্ত।
এই ধরনের অভিযানে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও বড় হয়ে ওঠে দলের মধ্যে বোঝাপড়া। সেই প্রেক্ষিতেই প্রশান্ত বলেন, “দলের মধ্যে একে অন্যের শক্তি-দুর্বলতা জানা থাকা জরুরি। মহাকাশে পাড়ি দেওয়ার সময় যদি একজন কিছুটা পিছিয়ে পড়ে, তখন অন্যদেরই সেই ফাঁক ভরাট করতে হয়। শুভাংশু এক্ষেত্রে একেবারে টিম-ম্যান।” প্রসঙ্গত, জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন। তাঁর বিমান চালানোর অভিজ্ঞতা প্রায় ২,০০০ ঘণ্টার, যেখানে তিনি চালিয়েছেন সু-৩০ এমকেআই, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ একাধিক যুদ্ধবিমান।
Axiom Mission 4 (Ax-4) মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন। এই অভিযানটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস।