
শেষ আপডেট: 24 December 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: মাস ছয়েক আগে আত্মহত্যা করেছিল ভাই। সেই রাগ গিয়ে পড়েছিল ভাইয়ের স্ত্রীর উপর। দাদা ধরে নিয়েছিল, স্ত্রীর কারণেই নিজেকে শেষ করে দিয়েছে তার ভাই। সেই রাগে দীর্ঘদিন ধরেই ভ্রাতৃবধূর উপর নির্যাতন চলছিল। তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শেষমেষ সেটাই সত্যি হল। ভাইয়ের স্ত্রীকে মারতে মারতে উঠোনে ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারল ভাসুর। তারপর মৃতার দাদাকে ফোন করে জানাল, "তোমার বোনকে জ্বালিয়ে দিয়েছি!"
ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার। নির্মলা নামে ওই মহিলার স্বামী প্রকাশ ছ মাস আগে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকছিলেন নির্মলা। কিন্তু ভাইয়ের মৃত্যুর পর থেকেই তাঁর স্ত্রীর উপর খেপে উঠেছিল দাদা সুরেশ। তার বদ্ধমূল ধারণা ছিল, নির্মলাই প্রকাশের মৃত্যুর জন্য দায়ী।
সেই রাগে মাঝেমধ্যে নির্মলাকে ধরে বেধড়ক পেটাত সুরেশ। বলত, খুন করবে ফেলবে তাঁকে! শনিবার সেটাই সে করে দেখায়। ভাইয়ের স্ত্রীকে মারতে মারতে ঘর থেকে উঠানে বের করে আনে সুরেশ। তারপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার।
হত্যাকাণ্ড শেষ হওয়ার পর নির্ভাবনায় নির্মলার দাদাকে ফোন করে সুরেশ। জানায়, "তোমার বোনকে জ্বালিয়ে দিয়েছি।" নির্মলার দাদা থানায় খবর দেন। তিনি জানিয়েছেন, বোনকে স্বামীর মৃত্যুর পর থেকে খুনের হুমকি দিয়ে আসছিল তার ভাসুর। তিনি ঠিক করেও ফেলেছিলেন নির্মলাকে নিজের কাছে নিয়ে এসে রাখবেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
পুলিশ ইতিমধ্যেই সুরেশকে গ্রেফতার করেছ। নির্মলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।