
দিল্লিতে জলের জন্য লাইন। অন্যদিকে, আন্দোলন ঠেকাতে জলকামান।
শেষ আপডেট: 22 June 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: একফোঁটা জলের জন্য যখন রাজধানী শহরজুড়ে হাহাকার চলছে, তখন প্রতিবাদ-আন্দোলন ঠেকাতে জলকামান চালিয়ে বিপুল পরিমাণ জল নষ্ট করল পুলিশ। সকাল হতে না হতেই জলের গাড়ির জন্য হাপিত্যেশ করে লাইন দিচ্ছেন মানুষ। ভয়ঙ্কর গরম ও ঝাঁ-ঝাঁ পোড়া রোদে দাঁড়িয়ে ঝগড়া-ঝামেলা চলছে। তখন জল নিয়ে রাজনৈতিক উত্তাপ তার থেকেও বেশি চড়েছে দিল্লিতে।
শনিবার দিল্লির জল বোর্ডের সামনে বিজেপি একটি প্রতিবাদসভা ডাকে। সেখানে আন্দোলনকারীদের রুদ্রমূর্তি ঠেকাতে পুলিশ জলকামান চালায়। প্রশ্ন উঠছে, যেখানে মানুষ জল পাচ্ছেন না, সেখানে আন্দোলন দমনে এত জল খরচ কী করে করা হল?
দিল্লির জল সংকট নিয়ে বিজেপি-কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে চুলোচুলি চলছেই। গতকাল, শুক্রবার থেকে আপ সরকারের জলমন্ত্রী আতিশী যন্তরমন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আপ সরকারকে দোষী সাব্যস্ত করে বলেন, হরিয়ানা যথেষ্ট জল ছাড়ছে। সুপ্রিম কোর্টও তা স্বীকার করেছে।
তাঁর অভিযোগ, দিল্লিতে গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে আপ। তাদের হাতেই রয়েছে দিল্লি জল বোর্ড এবং পুরসভা। সমস্ত গুরুত্বপূর্ণ দফতর তাদের অধীনে। তাহলে তারা কি তাদের সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছে? আসল সত্যিটা হল, ওদের শরিক দল কংগ্রেসও এখন মেনে নিয়েছে হরিয়ানা জল ছাড়ছে। বরং আরও বেশি জল দিচ্ছে দিল্লিকে।
পুনাওয়ালা আরও বলেন, জলের ট্যাঙ্কার মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওরা ওদের স্বভাবমতো নাটক করতে ধরনায় বসেছে। ওরা জলের গাড়ি মাফিয়াদের রক্ষা করছে কেন? কারণ প্রতি গাড়ি থেকে ওদের নেতারা কমিশন খায়, দাবি পুনাওয়ালার। দাবি-পাল্টা দাবি চলতে থাকলেও বাস্তব পরিস্থিতি হল ময়ূর বিহারের চিল্লাগাঁও, ওখলার সঞ্জয় কলোনি এবং গীতা কলোনির অবস্থা ভয়াবহ আকার নিয়েছে। সকাল হতেই এইসব এলাকায় বাসিন্দাদের দীর্ঘ লাইন পড়ছে জলের জন্য।