
ফাইল চিত্র
শেষ আপডেট: 7 February 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে মহড়ার সময় ভেঙে পড়েছিল মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও দুজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজন পাইলটের সাহায্য চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক গ্রামবাসীর কাছ থেকে ফোন চেয়ে নিজের বেস ক্যাম্পে যোগাযোগ করেছিলেন তিনি।
গোয়ালিয়র এয়ারবেস থেকে উড়েছিল বায়ুসেনার বিমানটি। সেটিই শিবপুরীর কাছে ভেঙে পড়ে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বেস ক্যাম্পে ফোন করে নিজের অবস্থার কথা জানাচ্ছেন ওই পাইলট। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি ঠিক কোথায় আছেন। শুধু তাই নয়, তাঁকে ঘিরে থাকা একাধিক গ্রামবাসীকে চুপ করার অনুরোধ জানাচ্ছেন তিনি। যাতে তাঁর কথা ফোনের ওপারে থাকা ব্যক্তি অনায়াসে শুনতে পায়।
পাইলটকে বলতে শোনা যাচ্ছে, ''যোশী, যাদব বলছি। নদীর দক্ষিণে কোনও একটা জায়গায় আছি আমি। বিমান ভেঙে পড়েছে। আমার সঙ্গে ভোলা স্যার আছেন। তবে তিনি প্রায় ১ কিমি দূরে। আমি তোমাদের কোঅরডিনেটস পাঠাচ্ছি। বিমান যে জ্বলছে তা আকাশ থেকেই দেখা যাচ্ছে। বিমানের হয়তো পশ্চিমে আমি আছি, আর ভোলা স্যার পূর্বে।'' কথা বলার পর গ্রামবাসীদেরও তিনি অনুরোধ জানান তাঁর সঙ্গীকে খোঁজার জন্য।
Mirage 2000 Crashed near Shivpuri Madhya Pradesh. Both the Pilot ejected safely. Pilot communicating with IAF official for rescuing them.
— Devansh (@Devansh010) February 6, 2025
Pilot wearing Test Pilot patch pic.twitter.com/NhQ6FSsfvp
যুদ্ধবিমানটির দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ু সেনা কর্তৃপক্ষ। এদিকে এও জানানো হয়েছে, এই দু'জন চোট পেলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রাথমিক ধারণা, সিস্টেমের ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি।