
আদানি বিরোধী মুখ মহুয়া মৈত্র ফের সরব।
শেষ আপডেট: 21 November 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় ভারতীয় পদস্থ আধিকারিকদের ঘুষ দানের অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের রাজনৈতিক মহল তোলপাড়। কংগ্রেসের পর তৃণমূল সাংসদ তথা প্রবল আদানি বিরোধী মুখ মহুয়া মৈত্র ফের সরব। এদিন এক্সবার্তায় মহুয়ায় লেখেন, আদানি মিডিয়া এবং ভক্তরা (পড়ুন মোদীভক্ত) দুপক্ষই চুপ। মোদীজি কখন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই জটিলতা থেকে পরিত্রাণ পেতে ফোন করবেন, তার জন্য অপেক্ষায় রয়েছি। আরও একটি বার্তায় তৃণমূল নেত্রী লিখেছেন, সংবাদমাধ্যম এবিসির খবর অনুযায়ী মার্কিন প্রশাসন গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ নিয়ে এনডিটিভি, টাইমস নাউ সহ অন্যান্য তাঁবেদার গ্যাংয়ের বক্তব্য কী?
শুধু মহুয়া একা নন, আদানি ইস্যুতে দেশের বিরোধী বিরোধী দল এবং মোদী সমালোচকরা এককাট্টা হয়েছেন এদিন। কঠোর মোদী সমালোচক বলে খ্যাত প্রাক্তন আপ নেতা তথা সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণও এদিন সকালে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। একটি এক্সবার্তায় তিনি লিখেছেন, গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন প্রশাসন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি কি এখন মোদীর বাড়িতে লুকিয়ে থাকবেন? আন্না হাজারের অনুগামী প্রশান্ত ভূষণ আরও লেখেন, আদানি বোধহয় ভুলে গিয়েছিলেন যে, আমেরিকায় মোদীর শাসন চলে না। যেখানে তিনি ইডি, সেবি এবং সিবিআইয়ের মতো আড়াল পাবেন। ফলে যা খুশি তা করতে পারবেন।
তবে কিছু নেট নাগরিকের মতে, গৌতম আদানি সদ্যসমাপ্ত ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছিলেন বলেই কি তাঁকে রাজনৈতিক শিকার হতে হল? ২১১১ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির সঙ্গে আমেরিকার ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের খেসারত দিতে হচ্ছে আদানি গোষ্ঠীকে। এক নেট নাগরিক স্পষ্টতই এককথায় লিখেছন, ট্রাম্পকে সমর্থনের রাজনৈতিক চক্রান্তের মূল্য দিতে হচ্ছে আদানিকে। ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকে ঝামেলায় ফেলতে ডেমোক্র্যাটরা যা খুশি তাই করতে পারে।
ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Adani News) বিরুদ্ধে আমেরিকায় ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পরেই আদানি গ্রুপের (Gautam Adani Group) সমস্ত কোম্পানি মিলিয়ে প্রায় ২০ শতাংশ পড়ল শেয়ার দর। বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খোলার আগেই ঘুষ দানের অভিযোগ প্রকাশ্যে আসতে হু-হু করে পড়তে থাকে আদানি গ্রুপের শেয়ারের (Adani Share Price) দাম।
আদানি এন্টারপ্রাইজেসের (Adani Enterprises Share Price) শেয়ার একধাপে ২০ শতাংশ কমেছে। আদানি এনার্জি সলিউশনেরও শেয়ার দর বেশ খানিকটা কমে যায়। আদানি গ্রিন এনার্জির (Adani Green Share Price) বাজার পড়ে ১৯.১৭ শতাংশ, আদানি টোটাল গ্যাসের ১৮.১৪ শতাংশ, আদানি পাওয়ারের (Adani Power Share Price) শেয়ার নামে ১৭.৭৯ শতাংশ হারে। ভারত স্টক এক্সচেঞ্জে আদানি পোর্টসের শেয়ারেরও ১৫ শতাংশ দাম কমে যায়। এছাড়াও অম্বুজা সিমেন্ট ১৪.৯৯, এসিসি সিমেন্ট ১৪.৫৪ শতাংশ, এনডিটিভির শেয়ার পড়ে ১৪.৩৭ শতাংশ এবং আদানি উইলমারের মূল্য পড়ে ১০ শতাংশ।