ঘটনাটি গোয়ার বাগা বিচের (Baga Beach)। ইনস্টাগ্রামে ভিডিওটি এখনও পর্যন্ত ৯ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। দড়ি ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকায় থাকা এক মহিলা আতঙ্কে চিৎকার করতে থাকেন এবং কর্মীদের দ্রুত সাহায্য করতে অনুরোধ করেন।

গোয়ায় দুর্ঘটনা
শেষ আপডেট: 31 March 2026 14:14
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় প্যারাসেলিংয়ের (Parasailing In Goa) সময়ে এক ভয়াবহ দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়ল ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্যারাসেলিং করতে গিয়ে আচমকাই মাঝ আকাশে ছিঁড়ে যায় দড়ি। উচ্চতা থেকে সোজা সমুদ্রের জলে পড়ে যান এক পর্যটক। রোমাঞ্চকর অভিজ্ঞতা মুহূর্তে বদলে যায় আতঙ্কে। যদিও তিনি লাইফ জ্যাকেট (Life Jacket) পরে ছিলেন, আর প্যারাসুটের ভরেও ধাক্কার তীব্রতা কিছুটা কম ছিল- ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাটি গোয়ার বাগা বিচের (Baga Beach)। ইনস্টাগ্রামে ভিডিওটি এখনও পর্যন্ত ৯ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। দড়ি ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকায় থাকা এক মহিলা আতঙ্কে চিৎকার করতে থাকেন এবং কর্মীদের দ্রুত সাহায্য করতে অনুরোধ করেন।
দড়ি ছিঁড়ল কীভাবে? প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে
প্যারাসেলিং জেট স্কি, ব্যানানা রাইড- পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। কিন্তু এই ঘটনার পর আবারও নিরাপত্তার একটা বড় ফাঁক সামনে এল। পর্যটকদেরও (Tourist) একাংশের অভিযোগ, গোয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলির অনেকেই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নীতিমালা মানেন না।
এই ভিডিওতেই এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “দড়ির মান খুব খারাপ। সরঞ্জামের রক্ষণাবেক্ষণ হয় না। এরকম ঘটনা আগেও হয়েছে, কিন্তু কোনও বিভাগ নেই যারা এসব ঠিকভাবে পরীক্ষা করবে।”
সরকারের রিপোর্ট তলব, অবহেলা প্রমাণ হলে কড়া ব্যবস্থা
ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে গোয়া পর্যটন দফতর (Tourism department)। তারা পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে এবং স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তায় অবহেলা ধরা পড়লে লাইসেন্স স্থগিত-সহ কড়া ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রশিক্ষণ, নির্দিষ্ট সময় অন্তর সরঞ্জামের পরীক্ষা এবং সরকারি নজরদারি বাড়ানো জরুরি। নইলে রোমাঞ্চের নামে বিপদের ঝুঁকি থেকেই যাবে।