
গ্রাফিক্স-দ্য ওয়াল
শেষ আপডেট: 24 April 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে পথ চলা হল না আর, কাশ্মীরে হানিমুনে গিয়ে স্ত্রীর সামনেই জঙ্গির গুলিতে নিহত তরুণ। সুখী সংসারের মেয়াদ মাত্র ৬ দিন। বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় নৌসেনা অফিসার ভিনয় নারওয়ালের কফিনবন্দি দেহ। স্বামীর মরদেহের সামনেই কান্নায় ভেঙে পড়েন হিমাংশী নারওয়াল (Vinay Narwal wife on Pahalgam Incident )। 'বিয়ে, হানিমুন, শেষকৃত্য, সবটাই যেন দুঃস্বপ্ন, জীবনের কালো দিনের স্মৃতি ঘিরে রয়েছে সদ্য বিধবা হওয়া হিমাংশীকে।
মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে (Pahalgam Incident) পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা। লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করে নেয়। পহেলগামে ২৬ জন নিহত পর্যটকদের মধ্যেই একজন ভিনয়। ইউরোপে যাওয়ার ইচ্ছে থাকলেও ভিসা সমস্যার কারণে হানিমুনে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে স্ত্রীকে নিয়ে একসঙ্গে ফেরা হল না আর।
ঘটনার পর বৈসরন ভ্যালি থেকেই বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতেই হিমাংশীকে বলতে শোনা যায়, 'আমরা ভেলপুরী খাচ্ছিলাম। একজন এসে আমার স্বামীকে প্রশ্ন করে সে মুসলিম কিনা। উত্তরে বিনয় যখন না বলে, তৎক্ষণাৎ তাঁকে গুলি করে হত্য করা হয়।' বুধবার নিহত নৌসেনা অফিসারের শেষকৃত্যের পর হিমাংশী বলেন, 'আমরা কখনও ভাবতেই পারিনি এই ট্রিপটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে।'
মাত্র ২ বছর আগেই ভারতীয় নৌসেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বিনয়। কোচিংয়ে পোস্টিং ছিল তাঁর। বিয়ে ও নিজের জন্মদিনের জন্য ৪০ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। গত ৪ এপ্রিল হিমাংশীর সঙ্গে বাগদান সারেন বিনয়। ১৬ এপ্রিল বিয়ে হয় তাঁদের। এরপরই হানিমুনের জন্য কাশ্মীর যান নববিবাহিত সম্পতি।
আগামী ১ মে বিনয়ের ২৭তম জন্মদিন। পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করে দু'দিন পরই কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বিনয়ের পরিবারের তরফে বলা হয়েছে, হানিমুনে কাশ্মীর যাওয়ার প্ল্যান অনেক আগে থেকেই ছিল তাঁর। সেই মতো টিকিট কেটে রেখেছিলেন তিনি। এখন ছেলের মৃত্যুতে দিশেহারা অবস্থা সকলের।