ভিডিওটিতে দেখা যাচ্ছে, নদীর ধারে বোতল হাতে দাঁড়িয়ে আছেন বিজেপি বিধায়ক (Delhi BJP MLA Ravinder Singh Negi)। কিছুক্ষণ পর হাঁটু ভাঁজ করে উঠতে গিয়ে হঠাৎ পা হড়কে ধপাস করে পড়ে যান জলে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 28 October 2025 10:00
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির যমুনা নদীতে (Yamuna River) পরিচ্ছন্নতা প্রচারের রিল বানাতে নেমে পড়লেন বিজেপি বিধায়ক (BJP MLA) রবিশ্বর সিং নেগি। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে গেল বিপত্তি! ক্যামেরা চলাকালীনই পা পিছলে নদীতে পড়ে যান পাতপড়গঞ্জের বিধায়ক। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই (Viral Video) শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, নদীর ধারে বোতল হাতে দাঁড়িয়ে আছেন বিজেপি বিধায়ক (Delhi BJP MLA Ravinder Singh Negi)। কিছুক্ষণ পর হাঁটু ভাঁজ করে উঠতে গিয়ে হঠাৎ পা হড়কে ধপাস করে পড়ে যান জলে। পাশে থাকা এক ব্যক্তি তাঁকে টেনে তুলতে যান, কিন্তু পারেন না। শেষমেশ নেগি ভেজা কাপড়ে নিজে উঠে আসেন বাঁশের কাঠামো ধরে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আম আদমি পার্টির বিধায়ক সঞ্জীব ঝা। তাঁর খোঁচা, “মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতি করে করে হয়তো নিজেই ক্লান্ত, তাই হয়তো যমুনা মা তাঁদের কোলে টেনে নিয়েছেন!”
যমুনার দূষণ নিয়ে বিজেপি ও আপের রাজনৈতিক লড়াই তুঙ্গে। ছটপুজোর আগে থেকেই দুই পক্ষ একে অপরকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। গত সপ্তাহেই আপ দিল্লি ইউনিটের প্রধান সৌরভ ভরদ্বাজ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চ্যালেঞ্জ দেন— যদি যমুনার জল সত্যিই পরিষ্কার হয়, তবে তিনি যেন নদীর জল পান করেন। সেই সময় তিনি নিজেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান বোতলে ভরা ঘোলা জল নিয়ে।
ভরদ্বাজ বলেন, “এই বোতলটি যমুনা থেকে সংগ্রহ করা জল। মুখ্যমন্ত্রী দাবি করেছেন নদী এখন পরিষ্কার। যদি তাই হয়, তবে তিনি যেন এই জল খান।”
আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে নির্বাচন। বিহারের সবথেকে বড় উৎসব হল ছট পুজো। পুনরায় ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি। বিহারি ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই যমুনাতে ছট পুজোর স্নানের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিষাক্ত জলে স্নান করবেন না তিনি। তাই তাঁর জন্য যমুনার পাশেই 'বিশুদ্ধ জলের নকল যমুনা' তৈরি করা হয়েছে। এমনই অভিযোগ সৌরভ ভরদ্বাজের।
এক্স মাধ্যমে এই কৃত্রিম যমুনা নদীর একটি ভিডিও-ও প্রকাশ করেন সৌরভ। যে ভিডিও শেয়ার করে কেজরিওয়াল লেখেন, 'দিল্লিতে বিজেপি ছট পুজোর আস্থা নিয়েও মজা করছে'।