একদিকে শাসক বিজেপি জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন রেড্ডি মুখোমুখি হতে চলেছেন এই ভোটে।

সিপি রাধাকৃষ্ণন (বাঁয়ে) ও সুদর্শন রেড্ডি।
শেষ আপডেট: 8 September 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: জগদীপ ধনকড়ের আকস্মিক পদত্যাগের পর আগামিকাল, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর হতে চলেছে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটি। একদিকে শাসক বিজেপি জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন রেড্ডি মুখোমুখি হতে চলেছেন এই ভোটে। বিহার বিধানসভা ভোটের আগে শাসক-বিরোধী জোটের কাছে এই নির্বাচন মহড়াযুদ্ধ হলেও ভাবমূর্তি রক্ষার দিক থেকে এক অগ্নিপরীক্ষা। স্বাস্থ্যের কারণে আচমকা জগদীপ ধনকড়ের পদত্যাগের প্রায় দুমাস পর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। দুদিকেই রয়েছেন তাবড় ব্যক্তিত্ব। রাধাকৃষ্ণন হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং সুদর্শন রেড্ডি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।
উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বিকেল ৫টায়। ভোটদান করবেন রাজ্যসভা ও লোকসভার সদস্যরা। কালই সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোটগণনা পর্ব। রাজ্যসভার নির্বাচিত ২৩৩ জন (৫টি আসন শূন্য) ও ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন সদস্য (একটি আসন শূন্য) ভোটদান করবেন।