প্রয়াত 'বাঘবন্ধু' বাল্মীক থাপার (Valmik Thapar Death) (৭৩)। শনিবার নয়াদিল্লির কৌটিল্য মার্গে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভারতে ব্র্যাঘ্র সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

প্রয়াত 'বাঘবন্ধু' বাল্মীক থাপার
শেষ আপডেট: 31 May 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত 'বাঘবন্ধু' বাল্মীক থাপার (Valmik Thapar Death) (৭৩)। শনিবার নয়াদিল্লির কৌটিল্য মার্গে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভারতে ব্র্যাঘ্র সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
প্রায় পাঁচ দশক ধরে, বন্যপ্রাণী ও সংরক্ষণের উপর দুই ডজনেরও বেশি বই লেখেন তিনি। তাছাড়াও বেশ কয়েকটি যুগান্তকারী বন্যপ্রাণ তথ্যচিত্রও উপস্থাপন করেছিলেন। যার মধ্যে রয়েছে বিবিসির অন্যতম সিরিজ 'ল্যান্ড অফ দ্য টাইগার (১৯৯৭)'।
১৯৮৮ সালে তৈরি হওয়া রণথম্ভর ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠা ছিলেন তিনি। এই বেসরকারি সংস্থা সম্প্রদায়ভিত্তিক সংরক্ষণের উপর কাজ করে। তাছাড়া থাপারের শিকার বিরোধী আইন এবং বাঘের আবাসস্থল সংরক্ষণের পক্ষে সওয়াল উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল।
'বাঘবন্ধুর' মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "গত চার দশক ধরে, বিশেষ করে বাঘ সংরক্ষণের জগতে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। বাল্মীক থাপারের চলে যাওয়া বিরাট ক্ষতি।" রণথম্ভর সংরক্ষণে থাপারের ভূমিকা তুলে ধরে জয়রাম আরও বলেন, "আজকের রণথম্ভর, থাপারের অক্লান্ত উদ্যোগের সাক্ষ্যবহন করে।"
বাল্মীকের বাবা রমেশ থাপার, একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। তাঁর আত্মীয় ইতিহাসবিদ রোমিলা থাপার এবং সাংবাদিক করণ থাপার। অভিনেতা শশী কাপুরের মেয়ে সঞ্জনা কাপুরকে বিয়ে করেছিলেন বাল্মীক। তাঁদের এক ছেলেও রয়েছেন।