ভ্যালেন্টাইনস ডে-র রাতে ডিনার সেরে ফেরার পথেই স্ত্রীকে গলা কেটে খুন করলেন স্বামী। সন্দেহ ও পরিকল্পিত খুনের নেপথ্যে কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

অঙ্কুর ধাওয়ান ও তাঁর স্ত্রী
শেষ আপডেট: 17 February 2026 16:03
দ্য ওয়াল ব্যুরো: রাতে ভ্যালেন্টাইনস ডে উদযাপন। সকালে খুন। হরিয়ানার (Haryana) বাহাদুরগড়ের ঘটনা উসকে দিল মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন বা নীল ড্রামে দেহ বন্দি করার মতো ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। স্ত্রীকে খুন করে ঘটনাকে ডাকাতির মতো দেখাতে মরিয়া চেষ্টা করেন অঙ্কুর ধাওয়ান—পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant)। শেষ পর্যন্ত মাত্র ১৮ ঘণ্টায় রহস্যভেদ করে ঝাঝর পুলিশ (Jhajjar Police)।
রবিবার রাত প্রায় ১১টা। অঙ্কুর পুলিশকে ফোন করে জানায়, অজ্ঞাত দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে, লুঠপাটের চেষ্টা করছিল সেসময় স্ত্রী বাধা দেওয়ায় তাঁর গলা কেটে দিয়েছে। প্রথমে ঘটনাটি ডাকাতির দিকেই ঝুঁকেছিল। কিন্তু তদন্ত শুরু হতে মিলল একের পর এক অসঙ্গতি।
অঙ্কুরের বয়ান আর প্রমাণের মাঝে বিস্তর ফাঁক লক্ষ্য করেন তদন্তকারী আধিকারিকরা। তারপর শুরু হয় জেরা। আর তাতেই ভেঙে পড়েন তিনি ।খুনের কথা স্বীকার করেন।
ঝাঝর পুলিশ জানায়, গুরুগ্রামের (Gurugram) এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank) কর্মরত মহকের চরিত্র নিয়ে বহুদিন ধরেই সন্দেহ ছিল অঙ্কুরের। তা নিয়েই দাম্পত্যে ঝামেলা চলত প্রায়ই। সেই সন্দেহ থেকেই স্ত্রীকে খুন করার প্ল্যান আঁটে। শেষ পর্যন্ত ঠেলে দিল নৃশংসতার দিকে। মহকের বাবা কৃষ্ণ কাঠুরিয়া (Krishna Kathuria) প্রথম থেকেই জামাইকে সন্দেহ করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খুনের সময় হাতের ছাপ না রাখতে অঙ্কুর গ্লাভস পরে ছিলেন। প্রথমে স্ত্রীর গলা টিপে ধরে শ্বাসরোধ করেন, পরে কাঁচি দিয়ে গলা কেটে দেন।
হিসারের (Hisar) বাসিন্দা অঙ্কুর আর হানসির (Hansi) মেয়ে মহকের বিয়ে হয়েছিল গত বছর ২৫ সেপ্টেম্বর। কয়েক মাসের দাম্পত্যে এমন পরিণতি তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন।