পুলিশি জেরায় ওই মহিলা জানান, স্বামী প্রথম স্ত্রীকে বেশি সময় দিতেন বলে নিজেকে অবহেলিত মনে করতেন তিনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 September 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে স্বামীকে খুন করলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। অভিযোগ, স্বামী তাঁকে উপেক্ষা করে বারবার প্রথম স্ত্রীর প্রতি বেশি মনোযোগ দিতেন। সেই ক্ষোভ থেকেই তিনি খুনের পথ বেছে নেন। উত্তরপ্রদেশের (Uttra Pradesh incident) মুজফ্ফরনগরে (Muzaffarnagar crime news) ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার (৪০)। দ্বিতীয় স্ত্রী কবিতার (৩০) বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ২৯ অগস্ট রাতে। শনিবার কবিতাকে গ্রেফতার করে পুলিশ। মুজফ্ফরনগরের থানার স্টেশন হাউস অফিসার (SHO) দিনেশ চন্দ্র ভাগেল সংবাদমাধ্যমকে জানান, “সঞ্জয় কুমারকে তাঁর দ্বিতীয় স্ত্রী কবিতা খুন করেছে। বিষয়টি আমাদের জানান সঞ্জয়ের বাবা ভোপাল সিং।”
পুলিশ জেরায় কবিতা অপরাধের কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, স্বামী প্রথম স্ত্রীকে বেশি সময় দিতেন বলে নিজেকে অবহেলিত মনে করতেন তিনি। সেই অভিমান থেকেই তিনি সঞ্জয়কে শ্বাসরোধে খুন করেন। উল্লেখযোগ্যভাবে, সঞ্জয় ও কবিতার বিয়ে হয়েছিল ২০০০ সালে। সঞ্জয়ের প্রথম স্ত্রী এখনও তাঁর গ্রাম টান্ডা মাজরায় থাকেন।
একই দিনে রাজধানী দিল্লিতেও ঘটে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। রোহিনীর সেক্টর ১৭–এর একটি ফ্ল্যাটে স্ত্রী ও শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম যোগেশ সেহগল।
ঘটনা ঘটে শনিবার বিকেল সাড়ে ৩টার পর। পুলিশ PCR কলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফ্ল্যাটের তৃতীয় তলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দুই মহিলার দেহ। মৃতদের নাম - প্রিয়া সেহগল (৩৪) এবং তাঁর মা কুসুম সিনহা (৬৩)।
প্রিয়ার ভাই মেঘ সিনহা অভিযোগ করেছেন, যোগেশই খুনের নেপথ্যে। তাঁর দাবি, “আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি মা ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাটি বিকেল ৩.৩০ থেকে ৪টার মধ্যে ঘটে। এর জন্য দিদির বর যোগেশ দায়ী। ঘটনার সময় বাচ্চারাও তাঁর সঙ্গেই ছিল।”
পুলিশ অভিযুক্ত যোগেশকে গ্রেফতার করেছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে।