সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার দৌড়ে তামিলনাড়ুর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই তালিকায় যোগ হল গো-বলয়ের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের নামও।

ফাইল ছবি
শেষ আপডেট: 10 April 2026 18:17
দ্য ওয়াল ব্যুরো: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) দামামা বেজে গিয়েছে। আর এই ভোটের আবহে এখন রাজনীতির অলিন্দে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া বা ‘এসআইআর’ (SIR)। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার দৌড়ে তামিলনাড়ুর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই তালিকায় যোগ হল গো-বলয়ের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের নামও (Uttar Pradesh SIR Voter List 2026)।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটারের নাম কাটা গিয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। এ রাজ্য থেকে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে উত্তরপ্রদেশের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। সেখানে খসড়া তালিকার তুলনায় ভোটার সংখ্যা বাড়লেও, সামগ্রিকভাবে ভোটার কমেছে প্রায় দুই কোটি।
শুক্রবার উত্তরপ্রদেশের এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন এই তালিকা অনুযায়ী, বর্তমানে উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২ জন। মজার বিষয় হল, গত ৬ জানুয়ারি কমিশন যখন খসড়া তালিকা প্রকাশ করেছিল, তখন সেখানে নাম ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জনের। অর্থাৎ চূড়ান্ত তালিকায় খসড়া সংখ্যার তুলনায় প্রায় ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন ভোটার বেড়েছে। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগের মূল পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, সামগ্রিক ভোটার সংখ্যা কমেছে ২ কোটি ৪ লক্ষ ৪৫ হাজার ৩০০ জন। আগে এই রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২ জন।
বিহারে প্রথম দফার কাজের পর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ-সহ ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছিল। উত্তরপ্রদেশ ছাড়া বাকি রাজ্যগুলির চূড়ান্ত তালিকা আগেই হাতে এসেছিল। নতুন তথ্যে দেখা যাচ্ছে, কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার নাম বাদ যাওয়ার পর সেখানে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ। রাজস্থান এবং মধ্যপ্রদেশের চিত্রটাও খুব একটা আলাদা নয়। মধ্যপ্রদেশে ৩৪ লক্ষ ২৫ হাজার এবং রাজস্থানে প্রায় ৩১ লক্ষ ৩৬ হাজার নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। পিছিয়ে নেই ছত্তীসগঢ়ও, সেখানে প্রায় ২৪ লক্ষ ৯৯ হাজার ভোটারের নাম ছাঁটাই হয়েছে।
পশ্চিম ভারতের রাজ্য গুজরাতেও ভোটার তালিকায় বড়সড় কোপ পড়েছে। সেখানে আগে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ, যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষে। এমনকি ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এই প্রক্রিয়ার বাইরে নেই। গোয়ায় ১ লক্ষ ২৭ হাজার, পুদুচেরিতে ১ লক্ষ ৩ হাজার এবং আন্দামান ও নিকোবরে ৫২ হাজার নাম ভোটার তালিকা থেকে সরানো হয়েছে। এই অভিযানের ফলে ভুয়ো ভোটার রোখা সম্ভব হবে বলেই মনে করছে কমিশন। তবে নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে ভোটারদের মধ্যে চাপা উত্তেজনাও কাজ করছে।