
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্সকে অভ্যর্থনা জানাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে।
শেষ আপডেট: 21 April 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: চারদিনের ভারত সফরে সোমবার সকালে দিল্লি এসে পৌঁছলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিনই দুদেশের শুল্কনীতি নিয়ে মার্কিন দ্বিতীয় নাগরিকের সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের লক্ষ্য, আলাপ-আলোচনার মাধ্যমে আমেরিকার সঙ্গে একটি শুল্করফায় আসা। সেই কাজে অন্যতম সেতুবন্ধনের কাজ করতে পারেন ভ্যান্স। বিশেষত ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স হলেন ভারতীয় বংশোদ্ভূত।
তবে ভ্যান্স মূলত সপরিবারে ব্যক্তিগত সফরে ভারতে এসেছেন। এর মধ্যে মূল অনুষ্ঠানটি রয়েছে আগামিকাল, মঙ্গলবার জয়পুরে একটি বিবাহ অনুষ্ঠানে যোগদান। জয়পুরে পৌঁছে ভ্যান্স ও উষা আজমের দুর্গ, হাওয়া মহল, যন্তরমন্তর সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানে যাবেন। এদিন স্ত্রী ও বাচ্চাদের নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন তিনি। আগামিকাল কিংবা সোমবারেই আগ্রার তাজমহল দেখতে যাওয়ার কথা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত সফর হলেও ভ্যান্সের ভারতে আসার আরেকটি কারণ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে কূটনৈতিক সম্পর্কের জমি তৈরি করে রাখা। উল্লেখ্য, এ বছরের শেষ নাগাদ ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ভ্যান্স এদিন পালাম বিমানবন্দরে পা রাখা মাত্রই তাঁকে রাষ্ট্রীয় স্বাগত জানানো হয়। বিদেশ মন্ত্রকে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় জানিয়েছেন, ভারতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স সহ মার্কিন প্রতিনিধিদের উষ্ণ স্বাগত জানাচ্ছে ভারত। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রেল ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২১-২৪ এপ্রিল ভ্যান্স দিল্লি, জয়পুর ও আগ্রা ভ্রমণ করবেন। আশা করা হচ্ছে, তাঁর এই সফরে ভারত-আমেরিকার মধ্যে সর্বাত্মক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব মজবুত হবে।
#WATCH | Delhi: Vice President of the United States, JD Vance, Second Lady Usha Vance, along with their children, at Palam airport.
— ANI (@ANI) April 21, 2025
Vice President JD Vance is on his first official visit to India and will meet PM Modi later today. pic.twitter.com/LBDQES2mz1
এদিন বিমান থেকে নামার সময় দেখা যায়, ভ্যান্স-উষার দুই ছেলে ইওয়ান ও বিবেক কুর্তা-পাজামা পরে সিঁড়ি দিয়ে নামছে। ভারতীয় বংশোদ্ভূত উষা ছেলে-মেয়েদের ভারতে আনার সময় দেশীয় পোশাক পরিয়ে নিয়ে আসায় ইতিমধ্যেও দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন। আর ছোট্ট একরত্তি মেয়ে মেরিবেল আনারকলি স্টাইলের জামা পরেছিল। তার উপর জরির কাজ করা একটি খুদে জ্যাকেট। বিমানের সিঁড়ি থেকে তার আঙুল ধরে নামাচ্ছিলেন এক কর্মী। তা দেখে ভ্যান্স নিজেই কয়েক পা সিঁড়ি দিয়ে উঠে মেয়েকে কোলে নিয়ে নেমে চলে আসেন বৈষ্ণবের দিকে। ততক্ষণে উষা ও দুই ছেলের সঙ্গে স্বাগত করমর্দন করে মেয়ে কোলে ভ্যান্সের জন্য দাঁড়িয়ে ছিলেন অশ্বিনী বৈষ্ণব।