মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনেটের একটি বিলে অনুমোদন দিয়েছেন যাতে ভারত ও চিনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে।

ট্রাম্প পুনরায় দাবি করেন যে, ভারত-আমেরিকা শীঘ্রই 'অনেক কম শুল্ক' সহ একটি বাণিজ্য চুক্তি করবে।
শেষ আপডেট: 2 July 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনেটের একটি বিলে অনুমোদন দিয়েছেন যাতে ভারত ও চিনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। সেনেটে ৮৪ জন সদস্য এই বিলে সমর্থন করেছেন। অগস্টে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
এ খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সেই দেশের পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত ও চিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদকে সচল রেখেছে।
যদিও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেন যে, ভারত-আমেরিকা শীঘ্রই 'অনেক কম শুল্ক' সহ একটি বাণিজ্য চুক্তি করবে। যার ফলে উভয় দেশই প্রতিযোগিতা করতে পারবে। এই নিয়ে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি। এবং এটি একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে। ট্রাম্পের কথায়, এমন একটি চুক্তি হতে চলেছে, যেখানে আমরা ভারতের বাজারে যেতে এবং প্রতিযোগিতা করতে সক্ষম হব। এই মুহূর্তে, ভারত কাউকেই তাদের বাজারে প্রবেশ করতে দেয় না। আমার মনে হয় ভারত আমাদের ঢুকতে দেবে, এবং যদি তারা তা করে, তাহলে আমাদের অনেক কম শুল্কের চুক্তি হবে।
উল্লেখ্য, গত ১০ জুন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে যা উভয় অর্থনীতিকে উপকৃত করবে। ফলে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি আখেরে কোনদিক থেকে লাভবান হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ সেনেটরের কথা সত্যি হলে ভারতের পায়ে কুড়ুল মারতে চলেছেন ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের নিজের মুখের কথা বাস্তবে পরিণত হলে তাতেও ভারতের বাণিজ্য চুক্তি কী হতে চলেছে, তা বোঝা যাচ্ছে না।
প্রস্তাবিত শুল্কগুলো ভারত ও চিনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। পরিসংখ্যান বলছে, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪-২৫ অর্থ বছরে সর্বকালের সর্বোচ্চ ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মহামারী-পূর্বে ১০.১ বিলিয়ন ডলারের পরিসংখ্যান থেকে বেশি। ভারতের বর্ধিত রফতানি এবং রাশিয়ান তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের উল্লেখযোগ্য আমদানির কারণে এই বৃদ্ধি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ায় উভয় দেশ ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে।
সেই হিসেবে রাশিয়ার সঙ্গে ব্যবসা (India Russia Trade) চালিয়ে যাওয়ার খেসারত দিতে হবে ভারতকে। ট্রাম্পের বড় সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার (Indian Share Market) ! রিপাবলিকান সেনেটর জানিয়েছেন, ট্রাম্প একটি গল্ফ খেলার সময় তাঁকে বলেছিলেন, এখন আপনার বিলটি পেশ করার মতো সময় এসেছে। যদি তাঁর কথা ঠিক হয়, তাহলে প্রস্তাবিত শুল্কগুলি ভারত ও চিনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে।