এই চুক্তির ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে যাবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেঠ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার কুয়ালা লামপুরে।
শেষ আপডেট: 31 October 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: শুল্ক নিয়ে দড়ি টানাটানির মধ্যেই ভারতের সঙ্গে ১০ বছরের জন্য বিরাট প্রতিরক্ষা চুক্তি সই করল আমেরিকা। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রী পিট হেগসেঠ এই ঘোষণা করে বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এর আগে কখনও এত শক্তিশালী হয়নি। এক্সবার্তায় হেগসেঠ বলেন, তাঁর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাক্ষাতে এই প্রতিরক্ষা চুক্তিতে সই হয়েছে।
আমেরিকায় অতীতের প্রতিরক্ষা মন্ত্রকের নাম বদলে এখন যুদ্ধ মন্ত্রক করা হয়েছে। সেই মন্ত্রী হেগসেঠ আরও বলেছেন, এই চুক্তির ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে যাবে। আঞ্চলিক স্থায়িত্ব ও সুস্থিতির জন্য এই চুক্তি জরুরি ছিল। আমরা সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদানপ্রদান এবং প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছি। আমাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এর আগে এত মজবুত হয়নি, যা এই চুক্তির ফলে হল।
হেগসেঠের সঙ্গে রাজনাথের সাক্ষাৎটি হয় আসিয়ান-ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের একটি একান্ত বৈঠকে। কুয়ালা লামপুরে মূল বৈঠকটি হবে আগামিকাল, ১ নভেম্বর। রাজনাথ-হেগসেঠের বৈঠকের কয়েকদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে দুদেশের সম্পর্ক ও আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল।