
ইউপিপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁসের অভিযোগ
শেষ আপডেট: 24 June 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো: নিট বিতর্কের মধ্যে এবার তোলপাড় ইউপিপিএসসি নিয়ে। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরও-এআরও পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে যোগ রয়েছে মধ্যপ্রদেশের ভোপালের এক প্রিন্টিং প্রেসের। সেখানেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রিন্টিং প্রেসের এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি ইউপিপিএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু মার্চ মাসের ২ তারিখ সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। বাতিলের কারণ হিসেবে প্রশ্নফাঁসের অভিযোগই সামনে আসে। এরপরই ঘটনার তদন্তে নামে উত্তরপ্রদেশ এসটিএফ।
যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে সুনীল রঘুবংশী বলে একজন হয়েছেন যিনিই প্রিন্টিং প্রেস কর্মী। বাকিরা হলেন সুভাষ প্রকাশ, বিশাল দুবে, সন্দীপ পাণ্ডে, অমরজিৎ শর্মা এবং বিবেক উপাধ্যায়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন এবং পাঁচটি ব্যাঙ্ক চেক পাওয়া গেছে।
তদন্তকারীরা জেনেছেন, পরীক্ষা শুরুর অন্তত ৮ দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। মধ্যপ্রদেশের প্রিন্টিং প্রেসে সেই প্রশ্নগুলি প্রিন্ট করা হয়েছিল এবং প্রয়াগরাজের এক পরীক্ষাকেন্দ্র থেকে তা ফাঁস হয়। এও জানা গেছে, দু'রকমভাবে এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল।
প্রথমে প্রিন্টিং প্রেস থেকেই প্রশ্নপত্র বের করে তা মোটা টাকায় বিক্রি করা হয়েছিল। আর পরে পরীক্ষার দিন সকালেই ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় আরও এক মহিলা যুক্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।