
শিবাঙ্কিতা দীক্ষিত
শেষ আপডেট: 5 December 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: আবার ডিজিটাল অ্যারেস্টের ঘটনা দেশে। এবার প্রতারণার শিকার উত্তরপ্রদেশের এক মডেল, শিবাঙ্কিতা দীক্ষিত। তাঁর ৯৯ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রায় ২ ঘণ্টা ধরে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন শিবাঙ্কিতা। তিনি প্রাক্তন মিস ইন্ডিয়া (ওয়েস্ট বেঙ্গল, ২০১৭)-ও বটে।
এই মডেল পুলিশকে জানিয়েছেন, গত মঙ্গলবার তাঁর কাছে একটি হোয়াটসঅ্যাপ কল এসেছিল। তাঁকে বলা হয়, তিনি মানবপাচার এবং ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত। এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সংক্রান্ত বেআইনি টাকা ঢুকেছে। শিবাঙ্কিতাকে সিবিআই অফিসার হিসেবে কেউ ফোন করেছিল। সে দাবি করে, ৯৯ হাজার টাকা দিলে তিনি ছাড়া পেতে পারেন। শিবাঙ্কিতা ভয় পেয়ে সেই টাকা ট্রান্সফার করে দেন।
এরপরে বিষয়টি নিজের পরিবারকে জানালে মডেল বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাই পুলিশে মামলা করেন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। কয়েকটি ফোন, ভিডিও কলের মাধ্যমেই প্রতারণার শিকার হচ্ছেন আমজনতা। কয়েক হাজার থেকে শুরু করে লক্ষ, কোটি টাকা পর্যন্ত খোয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। স্পষ্ট বলা হচ্ছে, অচেনা ফোন নম্বর থেকে ফোন বা ভিডিও কল এলে সাবধান হয়ে ধরতে। কোনও সন্দেহ হলেই পুলিশকে জানাতে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে না।
সম্প্রতি আবার সাইবার জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। শুধু তাই নয়, কেন্দ্র ১ হাজার ৭০০ স্কাইপ আইডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলি থেকেই সবচেয়ে বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকায় তা বাতিল করেছে সরকার।
আরও একটি তথ্য উঠে এসেছে যে, চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় ৭ লক্ষ সিমকার্ড ১ লক্ষ ৩০ হাজারের বেশি আইএমইআই নম্বর ব্লক করেছে সাইবার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে।