অশীতিপর প্রাক্তন বিজেপি নেত্রী তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন এক অনুষ্ঠানে মেয়েদের সাবধান করে দিয়ে বলেন, লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, নয়তো তোমায় ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
শেষ আপডেট: 9 October 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ-বর্জিত সহবাস বা লিভ-ইন সম্পর্ক নিয়ে পরপর দুদিন বোমা ফাটালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। অশীতিপর প্রাক্তন বিজেপি নেত্রী তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন এক অনুষ্ঠানে মেয়েদের সাবধান করে দিয়ে বলেন, লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, নয়তো তোমায় ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে। প্রসঙ্গত, গত মঙ্গলবারেই তিনি আরেকটি অনুষ্ঠানে বলেন, একজন যদি যে কোনও অনাথ আশ্রমে যান, তাহলেই দেখতে পাবেন। লিভ-ইন সম্পর্কের পরিণাম কী! যেখানে মেয়েরা যাদের অনেকের বয়স ১৫ বছরের কাছাকাছি, তারা কোলে বাচ্চা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
বুধবার বারাণসীতে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন আনন্দীবেন। তিনি ওই রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য। মহিলাদের উপর নির্যাতন বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন মোদীর জাতীয় রাজনীতিতে চলে আসার পর গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া এই নেত্রী। ছাত্রীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত জীবনে সব সময় ভেবেচিন্তে কাজ করবে।
তিনি বলেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়েদের অনেক ভেবেচিন্তে পা ফেলতে হয়। লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকাই উচিত। এ ধরনের কাজ জীবনে অশান্তি ডেকে আনতে পারে এবং জীবন বরবাদ করে দিতে পারে। আমি আমার মেয়েদের একটাই কথা বলতে চাই। লিভ-ইন সম্পর্ক এখন খুব চালু হয়েছে। কিন্তু তোমরা এরকম কোরো না। জীবনে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। তোমরাও তো দেখেছ কী ঘটে যাচ্ছে। ৫০ টুকরো করে দেহ মিলবে।
তিনি আরও বলেন, গত ১০ দিন ধরে আমার কাছে এ ধরনেরই ঘটনার কথা আসছে। আর প্রতিবারই ভাবি, আমাদের ঘরের মেয়েরা কেন এই পথকে বেছে নিচ্ছে। আমি ভেবে কষ্ট পাচ্ছি। পকসো আইনের কথা তুলে প্যাটেল বলেন, আমি নিজে কয়েকজন মেয়ের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা কাহিনি রয়েছে। একজন বিচারকও আমায় বলেছেন যে, সব বিশ্ববিদ্যালয়ে মেয়েদের এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা উচিত। যাতে তারা লিভ-ইন সম্পর্কে না জড়ায়।
মঙ্গলবার একইভাবে বালিয়ায় জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে রাজ্যপাল বলেন, পুরুষরা কিশোরী-তরুণীদের হোটেলে নিয়ে যায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর যখন মেয়েটির বাচ্চা হয়, তখন তাকে ফেলে চলে যায়। আমাদের মূল্যবোধ এটা নয়। কিন্তু তা ঘটেই যাচ্ছে, বলে সতর্ক করে দেন আনন্দীবেন প্যাটেল।