গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সেই যাবজ্জীবন সাজা মকুব করে দেন এবং ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বিধায়কের জামিন মঞ্জুর করেন। এরপরই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়।

কুলদীপ সেঙ্গার
শেষ আপডেট: 27 December 2025 23:45
দ্য ওয়াল ব্যুরো: উন্নাও ধর্ষণ মামলায় (Unnao Rape Case) দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) যাবজ্জীবন বাতিল করে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court Bail)। এরপরই ক্ষোভ ছড়ায় দেশজুড়ে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সিবিআই শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শনিবার জানা যায়, এই মামলার শুনানি আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে হবে (SC Hearing on Dec 29)।
এই বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। সে সময় উন্নাওয়ের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা। অভিযোগ ওঠার পর ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।
তদন্তে উঠে আসে অপহরণ, ধর্ষণ, ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ। আদালত পকসো আইন-সহ (POCSO) একাধিক ধারায় চার্জ গঠন করে। শেষ পর্যন্ত কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির আদালত।
কিন্তু গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সেই যাবজ্জীবন সাজা মকুব করে দেন এবং ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বিধায়কের জামিন মঞ্জুর করেন। এরপরই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন নির্যাতিতা, তাঁর মা এবং মানবাধিকার কর্মীরা। নির্যাতিতার অভিযোগ, “কুলদীপ ছাড়া পেলে আমরা নিরাপদ নই। তিনি আমার বাবাকে খুন করিয়েছেন। আমাদের প্রাণহানির আশঙ্কা আছে।” তাই তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্তও জানান।
দেশের বিভিন্ন স্তরে এই জামিন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ঠিক সেই সময়েই সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে জামিন বাতিলের দাবি জানায়। আগামী ২৯ ডিসেম্বর শীর্ষ আদালতের রায়েই স্পষ্ট হবে, কুলদীপ সেঙ্গারের জামিন বহাল থাকবে, নাকি আবারও তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে আদালত। দেশের নজর এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে।