
শেষ আপডেট: 2 October 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোমবার দিল্লি থেকে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার যন্তরমন্তরে সমাবেশের পর তৃণমূলের প্রতিনিধি দল যাবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের পরিবর্তে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টার সময় অভিষেকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে সময় দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সময় দিয়েছেন সাধ্বী। অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার আগে শুভেন্দুর সঙ্গে একপ্রস্থ বৈঠক হতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। যে কারণে সোমবার রাতের বিমানেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু।
রাজঘাটের ধর্না মঞ্চ থেকে এদিন অভিষেক বলেন, “বাংলার একের পর এক ভোটে পরাজিত হওয়ার রাগ থেকেই ভাতে মারতে উদ্যোত বিজেপি। বিজেপির কথাতেই মোদী সরকার যে টাকা আটকে রেখেছেন, এদিন দিল্লিতে বসে সাংবাদিক বৈঠক করে সেকথাটা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গের বিজেপি নেতারা।” তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার আগে কেন্দ্রীয় মন্ত্রী শুভেন্দুকে সময় দেওয়ায় সেই বিষয়টি আরও স্পষ্ট হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশও।
তৃণমূল নেতৃত্বর কথায়, “প্রতিহিংসা থেকেই মোদী সরকার যে বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছেন সেটা প্রমাণিত। টাকা আটকে রাখার কোনও সদুত্তর ওদের কাছে নেই, তাই শুভেন্দুকে আগে ডেকেছে, কী বলতে হবে, সেটা ওর কাছ থেকে জেনে নেওয়ার জন্য!”
এদিনই রাতের বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর পাশাপাশি বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে দেখা করবেন শুভেন্দু। দেখা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।
১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে এদিনই সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। পাল্টা হিসেবে অভিষেক প্রশ্ন তুলেছেন, “যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এতদিন কেন কেন্দ্রীয় সরকার চুপ করে ছিল?” আদালতের নজরদারিতে তদন্ত হলে তাকে স্বাগত বলেও জানিয়েছেন অভিষেক। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর করবে তৃণমূল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যন্তরমন্তরের সভা থেকে আন্দোলনের পরবর্তী পদক্ষেপের ঘোষণা করতে পারেন তিনি।
এমন আবহে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার আগে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।