দেশের যুবসমাজ আর বেশিদিন ধরে চাকরি চুরি ও ভোটচুরি বরদাস্ত করবে না।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 23 September 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার বলেন, যতদিন দেশে ভোটচুরি চলতেই থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। কিন্তু, দেশের যুবসমাজ আর বেশিদিন ধরে চাকরি চুরি ও ভোটচুরি বরদাস্ত করবে না। প্রসঙ্গত, এদিন আর জেন জি শব্দবন্ধটি প্রয়োগ না করে যুবসমাজ বলে ওই সম্প্রদায়কে বোঝান লোকসভার বিরোধী দলনেতা। কারণ, এর আগে নেপালে জেন জি গণঅভ্যুত্থানের পরপরই রায়বরেলির এমপি এখানেও জেন জি সম্প্রদায় নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন রাহুল।
এদিন হিন্দিতে এক এক্সবার্তায় রাহুল বলেন, দেশে যুবসমাজের সামনে বেকারি এক বিরাট সমস্যা। আর এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ভোটচুরি। যে কোনও সরকারের ক্ষমতায় এসে প্রথম কর্তব্যই হচ্ছে চাকরির সংস্থান করা ও যুবদের জন্য আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু, বিজেপি তো আসলে সৎভাবে ভোটেই জেতেনি। ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে ভোট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে।
রাহুলের দাবি, এজন্যই দেশে বেকারি এখন গত ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি। এই কারণেই চাকরির সংখ্যা কমছে, নিয়োগ বন্ধ হয়ে পড়ে রয়েছে, দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এই কারণেই প্রতিটি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটি নিয়োগের পিছনে রয়েছে একটি করে বড় দুর্নীতি চক্র।
দেশের তরুণরা কঠিন পরিশ্রম করে নিজেদের তৈরি করছেন একটি চাকরি পাওয়ার আশায়। তাঁরা ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই করে চলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র তাঁর প্রচার নিয়েই ব্যস্ত। তাঁর প্রশংসা পেতে অধীর। তাঁর লক্ষ্য কী করে কোটি-কোটিপতিরা আরও বড়লোক ধনী হয়ে উঠবেন। যুবসমাজের আশা-আকাঙ্ক্ষাকে চুরমার করে তাদের হতাশ করে দেওয়াই এই সরকারের পরিচয় হয়ে গিয়েছে, বলেন রাহুল।
রাহুলের দাবি, এখন পরিস্থিতি বদলাচ্ছে। দেশের যুবসমাজ বুঝে গিয়েছে শুধু একটি চাকরি জোগাড় করাই মূল লড়াই নয়। লড়াই করতে হবে ভোটচুরির সঙ্গেও। কারণ যতদিন ভোট লুট চলবে, ততদিন বেকারি ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। তাই দেশপ্রেমের অর্থ এখন বেকারি ও ভোটচোরদের হাত থেকে দেশকে মুক্ত করা। লেখার সঙ্গে দুটি ভিডিও যুক্ত করেছেন রাহুল গান্ধী। যার উপরিভাগে রয়েছে চাকরিপ্রার্থীদের যুবকদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। এবং নীচেরটিতে রয়েছে মোদী চারাগাছ পুঁতছেন, ময়ূরকে খাওয়াচ্ছেন ও যোগব্যায়াম করছেন।