
ওএমআর নয় পরীক্ষা হবে কম্পিউটারে।
শেষ আপডেট: 29 June 2024 07:33
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্নফাঁসের আশঙ্কায় পুরনো পদ্ধতিতেই ফিরল জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)। শুক্রবার রাতে ইউজিসি-নেট-সহ জাতীয়স্তরের একাধিক পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল পরীক্ষা নিয়ামক সংস্থা।
চলতি মাসের ১৮ জুন নেওয়া হয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা। প্রশ্নফাঁস হওয়ায় একদিন পরেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। এরই মধ্যে পরীক্ষার নতুনসূচি প্রকাশ করল এনটিএ।
ইউজিসি-নেট পরীক্ষা হবে আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। একইভাবে সিএসআইআর-নেট পরীক্ষা হবে আগামী ২৫-২৭ জুলাইয়ের মধ্যে। ১০ জুলাই অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা (ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি) ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)। স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (এআইএপিজিইটি) পরীক্ষার সূচিতে অবশ্য কোনও বদল আনা হয়নি। পূর্ব নির্ধারিত ৬ জুলাইয়েই হবে এই পরীক্ষা।
গত বছর পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হত কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসত। সেখানেই চারটি উত্তরের মধ্যে একটি বেছে নিতে হত। এবারের পরীক্ষায় ওই পদ্ধতি বদলে ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছিল। প্রশ্নফাঁসের জেরে আবার পুরনো পদ্ধতিতে ফিরল এনটিএ। বিস্তারিত তথ্যের জন্য www.nta.ac.in –এ পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে।
এবারে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রশ্নপাঁস কাণ্ডের জেরে পরদিনই পরীক্ষা বাতিল করা হয়েছিল। তিনদিনের ব্যবধানে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও স্থগিত করার কথা জানানো হয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। এবার পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল।