
শেষ আপডেট: 18 December 2023 17:27
দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তিগত ত্রুটির জের! ভুল করে গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকল ব্যাঙ্কের কোটি কোটি টাকা! ভুল করে গ্রাহকের অ্যাকাউন্টে ঢোকা টাকার মোট পরিমাণ ৮২০ কোটি টাকা!
ইতিমধ্যে তার মধ্যে ৭০৫ কোটি ৩১ লক্ষ টাকা পুনরুদ্ধার করা গিয়েছে। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন, বাকি টাকাও উদ্ধারের প্রক্রিয়া চলছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাষ্টায়ত্ত ব্যাঙ্ক ইউকো-তে। সূত্রের খবর, গত ১৫ নভেম্বর বিষয়টি জানতে পারেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মোট ৪১ হাজার গ্রাহকের অ্যাকাউন্টে ভুল করে চলে গিয়েছিল ওই বিপুল অঙ্কের টাকা।
কীভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে গেল? ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে. ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস, এটিএম এর মতোই রয়েছে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম (IMPS)। এই আইএমপিএসের ত্রুটিগত কারণেই গ্রাহকের অ্যাকাউন্টে ওই টাকা চলে গিয়েছিল বলে জানা গিয়েছে।
তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি সাইবার প্রতারণার আশঙ্কা করে। এ ব্যাপারে গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের শরনাপন্ন হয়েছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২ জন ইঞ্জিনীয়র সহ অজ্ঞাত পরিচিত কয়েকজনের নামে এফআইআর রুজু করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
তদন্তে নেমে গত ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের প্রায় ১৩টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সিস্টেম, ইমেল সংরক্ষণাগার এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মতো একাধিক ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
এদিকে সাইবার অপরাধ ঠেকাতে গত ২৮ নভেম্বর ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ জানান, আর্থিক জালিয়াতির মোকাবিলায় সরকার সিটিজেন ফিনান্সিয়াল সাইবার জালিয়াতি রিপোর্টিং এবং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। এর দ্বারা দ্রুত সাইবার জালিয়াতির মোকাবিলা করা যায়। চলতি বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে ৪ লক্ষেরও বেশি ঘটনায় এক হাজার কোটির বেশি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানান।