
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 January 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের রোষানলে ওলা-উবার। একেক ধরনের ফোনে একই দূরত্বে বিভিন্ন অঙ্কের ভাড়া দেখানোর অভিযোগের জবাব তলব করা হল। বৃহস্পতিবার উপভোক্তা মন্ত্রকের অধীন কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ অ্যাপ ক্যাব কোম্পানি ওলা এবং উবরের কাছে জবাবদিহি তলব করেছে। গ্রাহকদের কাছ থেকে একের পর এক অভিযোগ পেয়ে, সংস্থা দুটির কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। গ্রাহকদের অভিযোগ, ওলা এবং উবরের ক্যাব বুক করতে গেলে দেখা যাচ্ছে একেকটি ফোনে একই দূরত্বে যাওয়ার বিভিন্ন রকমের ভাড়া শো করছে। এমনকী দুটি কোম্পানি বা অন্য কোম্পানির ভাড়াতেও অসঙ্গতি রয়েছে।
কেন্দ্রীয় প্রহ্লাদ জোশি এদিন এক এক্সবার্তায় জানান, আইফোন এবং অ্যান্ড্রয়েড মডেলের আলাদা ফোনে ওলা-উবার ভিন্ন ধরনের ভাড়া দেখাচ্ছে। এর আগেও আমরা সেটা লক্ষ্য করেছি, তাই ফলশ্রুতি হিসেবে গ্রাহক সুরক্ষার কারণে আমরা ওই দুই সংস্থার কাছে জবাব চেয়ে নোটিস দিয়েছি।
As a follow-up to the earlier observation of apparent #DifferentialPricing based on the different models of mobiles (#iPhones/ #Android) being used, Department of Consumer Affairs through the CCPA, has issued notices to major cab aggregators #Ola and #Uber, seeking their…
— Pralhad Joshi (@JoshiPralhad) January 23, 2025
গত ডিসেম্বরে টাইমস অফ ইন্ডিয়া একটি অনুসন্ধানী রিপোর্টে দেখিয়েছিল, অ্যান্ড্রয়েড ফোনে একই দূরত্বে যাওয়ার জন্য যে ভাড়া দেখাচ্ছে সেটাই আইফোনে বুক করতে গেলে বেশি আসছে। এছাড়াও, একই গন্তব্য হওয়া সত্ত্বেও বিভিন্ন কোম্পানির অ্যাপ ক্যাব বিভিন্ন ধরনের ভাড়ার অফার দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অ্যাপ কোম্পানিগুলির হার্ডওয়্যার ডেটা চাতুরির সঙ্গে প্রয়োগ করে এটা করে রেখেছে। নতুন ফোনে যখনই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, তখনই এই কৌশল কাজে লাগানো হয়।
মন্ত্রী জোশি গত মাসেই সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গ্রাহকদের সঙ্গে এই ছলচাতুরি মেনে নেওয়া হবে না। সিসিপিএ-কে তিনি খুঁটিনাটি সহ পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। একে অসাধু ব্যবসায়িক কৌশল বলে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা।