
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 April 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: চোর! স্রেফ সন্দেহের বশে দুই সহকর্মীর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে (Theft suspicion)। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের এক আইসক্রিম কারখানায়। কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচায় দুই শ্রমিক। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজস্থানের (Rajasthan) বাসিন্দা অভিষেক ভাম্বি ও বিনোদ ভাম্বি কর্মসূত্রে ছত্তীসগড়ের (Chattishgarh) কোরবা জেলায় থাকতেন। সেখানেই একটি আইসক্রিম কারখানায় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন দু'জনে। পুলিশ সূত্রে খবর, গত সোমবার গুরজার ও তাঁর সহযোগী মুকেশ শর্মা অভিষেক ও বিনোদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন।
চোর সন্দেহে দু'জনের উপর শুরু হয় অত্যাচার। অভিযোগ, বেধড়ক মারধর করার পর তাঁদের নখ উপড়ে দেওয়া হয়। এমনকী নগ্ন করে শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘক্ষণ চলে এই অত্যাচার। সুযোগ পেয়ে কোনওরকমে প্রাণ হাতে নিয়ে নিজেদের গ্রামে পালিয়ে আসে দুই শ্রমিক। গুলাবপুরা থানায় দায়ের করা হয় অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ 'জিরো' এফআইআর দায়ের করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মামলাটি কোবরা থানায় পাঠিয়েছে। অভিষেক ভাম্বি তাঁর বয়ানে জানিয়েছেন, 'গাড়ি কেনার জন্য মালিকের থেকে ২০ হাজার টাকা অগ্রিম চেয়েছিলেন। কিন্তু মালিক টাকা দিতে রাজি হননি। এরপর অভিষেক কাজ ছেড়ে দিতে চাইলে চোরের বদনাম দিয়ে তাঁদের উপর অত্যাচার করা হয়।'
পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ বা অভিযুক্ত কর্মীদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।