ঝাড়খণ্ডের পালামৌতে টিএসপিসি-র বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে প্রাণ গেল দুই জওয়ানের। আহত আরও এক জওয়ান হাসপাতালে ভর্তি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 September 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: পালামৌ জেলার মানাতু এলাকায় পুলিশের সঙ্গে মাওবাদী গোষ্ঠীর সংঘর্ষ। শহিদ হলেন দুই জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার গভীর রাতে কেদাল গ্রামে গুলির লড়াই শুরু হয়। তাতেই প্রাণ হারান ওই দুজন।
ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) ও মুখপাত্র মাইকেলরাজ এস জানিয়েছেন, বুধবার গভীর রাতে মানাতু এলাকায় টিএসপিসি কমান্ডার শশীকান্ত গঞ্জুর বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর ছিল, ওই মাওবাদী নেতা স্কোয়াড নিয়ে কেদাল গ্রামে রয়েছেন। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। এর মধ্যেই টিএসপিসি (ওই মাওবাদী সংগঠন)-র সদস্যরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। ওই সংঘর্ষেই দুই জওয়ান শহিদ হয়েছেন। একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক আধিকারিক জানান, গুলি লাগার সঙ্গে সঙ্গেই ওই দুই আধিকারিককে দ্রুত মেদিনীরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এলাকায় এখনও টিএসপিসি গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।