রাজস্থানে ফের কাশির সিরাপ খেয়ে অসুস্থ দুই শিশু। গুরুতর অবস্থায় ভর্তি আইসিইউতে। ওষুধের গুণগত মানে গাফিলতির অভিযোগে ড্রাগ কন্ট্রোলারকে সাসপেন্ড করল সরকার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 October 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে ভুয়ো কাশির সিরাপ নিয়ে আতঙ্ক আরও বাড়ল। সিকর জেলার হাথিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসকের প্রেসক্রিপশনে কাশি-সর্দির ওষুধ খাওয়ার পর অচেতন হয়ে পড়ল দুই শিশু। বর্তমানে তারা গুরুতর অবস্থায় জয়পুরের জে কে লোন হাসপাতালে আইসিইউতে ভর্তি। পরিবার জানায়, ১৬ সেপ্টেম্বর কাশি-সর্দির সমস্যা দেখা দিলে ওই সিরাপ খাওয়ানো হয়। তার কিছুক্ষণ পরই দুই শিশুই অচেতন হয়ে যায়।
এর আগে রাজস্থানে তিনটি শিশু কাশির সিরাপের বিষক্রিয়ায় মারা গিয়েছে। আরও দু’জনের অবস্থা সঙ্কটজনক। মধ্যপ্রদেশে মারা গিয়েছে নয় শিশু। ফলে গোটা দেশে কাশির সিরাপের গুণগত মান নিয়ে তীব্র প্রশ্ন উঠছে।
পরিস্থিতি সামলাতে রাজস্থান সরকার আপাতত 'কেসন্স ফার্মা'র তৈরি ১৯টি ওষুধের বিতরণ বন্ধ করে দিয়েছে। ওই সংস্থার ২০১২ থেকে এ পর্যন্ত পরীক্ষা করা ১০ হাজারেরও বেশি নমুনার মধ্যে ৪২টি গুণমানের পরীক্ষায় ফেল করেছে বলে সরকারি রিপোর্টে উঠে এসেছে।
অভিযোগ উঠছে, রাজ্যের ড্রাগ কন্ট্রোলার রাজারাম শর্মা ওষুধের মান নির্ধারণে প্রভাব খাটাতেন। তাঁকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। একইসঙ্গে ডেক্সট্রোমেথরফ্যানযুক্ত সব সিরাপের সরবরাহও বন্ধ রাখা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। আশ্বাস দিয়েছেন, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য স্বাস্থ্যদফতর জানিয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে। তারা ওষুধগুলোর মান পরীক্ষা করে রিপোর্ট দেবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং জানিয়েছেন, শিশুদের নিরাপত্তার স্বার্থে রাজ্যজুড়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারও ফের একবার সতর্ক করে দিয়েছে, চার বছরের কম বয়সি শিশুদের কোনওভাবেই ডেক্সট্রোমেথরফ্যানযুক্ত সিরাপ দেওয়া যাবে না।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ সব ওষুধে এখন থেকে স্পষ্ট সতর্কীকরণ লেবেল লাগানো বাধ্যতামূলক করা হবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) নির্দেশ, এই সিরাপ দুই বছরের কম বয়সি শিশুদের কখনও দেওয়া যাবে না।
এদিকে তামিলনাড়ুর ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টও এক কাশির সিরাপ নির্মাতা সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। পরীক্ষায় ডাইইথাইলিন গ্লাইকলে মেশানো কোল্ডরিফ সিরাপের একটি ব্যাচ ধরা পড়ায় উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সংস্থার লাইসেন্সও বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।