
নৃশংস কাণ্ড জয়পুরে
শেষ আপডেট: 17 April 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: জয়পুরের এক নৃশংস ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া। একের পর এক চেষ্টা, শেষ পর্যন্ত গর্ভবতী কুকুরকে পিষে দিল ট্রাক (Truck Swerves Crushes Pregnant Dog)। অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পুলিশে দায়ের করা হয় অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা এই ঘটনাটি ঘটেছে। ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, দু'টি কুকুর রাস্তার মাঝেই ঘুমিয়ে ছিল। এদের মধ্যে একজন ছিল গর্ভবতী। কিছুক্ষণ পরই ঘাতক ট্রাকটি সেখানে পৌঁছায়।
ট্রাক চালক তাদের পিষে মারার ফন্দি নিয়েই এগিয়ে গেলে একটি কুকুর পালিয়ে যায়। প্রথম চেষ্টায় ব্যর্থ হয় চালক। তবে দ্বিতীয়বারে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয় গর্ভবতী কুকুরটি। এরপর এলাকার অন্যান্য কুকুরদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়।
মৃত কুকুরের শেষকৃত্য সেরে থানায় অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা। অভিযুক্ত ট্রাক চালকের গ্রেফতারির দাবি করা হয়। পুলিশ তদন্তে নেমে ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করলেও ট্রাক চালক এখনও পলাতক বলেই খবর।