
জাতীয় নির্বাচন কমিশন ও তৃণমূলের পতাকা
শেষ আপডেট: 8 November 2024 23:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। উপনির্বাচনের কারণে থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কী করা উচিত তা জানতে চেয়েই এমন পদক্ষেপ বাংলার শাসক দলের।
জানা গিয়েছে, শনিবার প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে।
আগামী ১৩ নভেম্বর, বুধবার রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যে রয়েছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, তালড্যাংরা। উপনির্বাচনের কারণে এসব এলাকার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হয়েছে। এমনকী কোনও সরকারি প্রকল্পের অর্থও বণ্টন করা যাচ্ছে না।
২৩ নভেম্বর ফলপ্রকাশের পর নতুন বিধায়করা শপথ না নিলে কোনও কাজই শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। সে বিষয়ে কী পদক্ষেপ করা যায় তা জানতেই কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল।
শুক্রবার তৃণমূলের তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, উপনির্বাচনের কারণে রাজ্যের একাধিক প্রান্তে বিভিন্ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতেই আগেভাগে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিল তৃণমূল। সেই মতোই শনিবার আলোচনায় বসবে কমিশনের ফুল বেঞ্চ।
দলের তরফে আরও জানানো হয়েছে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি দল।