
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 April 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মাত্র কয়েক দিন আগে দুই পরিবার ও গ্রামের লোককে তাক লাগিয়ে হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন এক মহিলা। এই চমকে দেওয়া ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। ৪০ বছরের ওই ভাবী শাশুড়ি ২০ বছরের যুবক মেয়ের প্রেমিককে নিয়ে পালিয়ে যাওয়ায় ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায়। আলিগড়ের মদ্রক গ্রামে মেয়ের বিয়ের মাত্র ৯ দিন আগে পালিয়ে যাওয়া ওই যুগল ঘর থেকে আড়াই লক্ষ টাকা নগদ ও বিয়ের যাবতীয় গয়নাগাঁটি নিয়ে ভেগেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ১৬ এপ্রিল। ফলে দুই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল জোর কদমে। নিমন্ত্রণের কার্ডও বিলি করা হয়ে গিয়েছিল। রবিবার রাতে হবু বর বাড়ি থেকে বেরিয়ে যান। বলে যান বিয়ের কিছু কেনাকেটা বাকি আছে। পরে তিনি বাবাকে ফোন করে জানান, আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। প্রায় একই সময় নাগাদ মেয়ের বাড়িতেও দেখা যায় মায়ের দেখা নেই। পরে খোঁজ নিয়ে বোঝা যায় যে, দুজনে একসঙ্গে পালিয়েছেন।
মেয়েটির বাবা পুলিশে অভিযোগ জানিয়ে বলেছেন, দাদন থানা এলাকার একটি গ্রামের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তিনি। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই হবু জামাই প্রায়শই কনের বাড়িতে আসতেন। গোপনে কথাও হতো হবু শাশুড়ির সঙ্গে। এমনকী কয়েকদিন আগে মোবাইল ফোন উপহার দেওয়া নিয়েও কারও মনে সন্দেহ জাগেনি। রবিবার রাতে ছেলের ফোন পেয়ে তাঁর বাবা বেয়াইবাড়িতে ফোন করে জানতে চান যে ছেলে সেখানে আছে কিনা। তখনই জানা যায়, মহিলাও বেপাত্তা।
তখন সাত তাড়াতাড়ি বাড়িতে প্রমাণ খোঁজাখুঁজি শুরু হলে দেখা যায় আলমারিতে রাখা টাকা-গয়নাও উধাও। পুলিশ অভিযোগ পেয়ে মনে করছে, তাঁরা উত্তরাখণ্ডে যেখানে ছেলেটি কাজ করে সেখানে পালিয়ে গিয়ে থাকতে পারেন। তাঁদের খোঁজে একটি অনুসন্ধানী দল পাঠানো হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।