
ভারতীয় সেনা
শেষ আপডেট: 11 July 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরেই একের পর এক হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। সম্প্রতি কাঠুয়া জেলায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৫ ভারতীয় জওয়ান, আহত আরও একাধিক। পাক মদতপুষ্ট এই জঙ্গিরা মার্কিন অস্ত্র ব্যবহার করেছিল হামলা চালানোর জন্য। এখন জানা গেল, কাঠুয়ায় হামলা করার আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভাল-মন্দ খাওয়া দাওয়াও করেছিল সন্ত্রাসবাদীরা।
কাঠুয়া জেলার মাছেদি এলাকায় ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানো হয়েছিল। তবে এই হামলা চালানো আগে স্থানীয় এক গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঢুকে ভয় দেখায় জঙ্গিরা। বাড়ির সদস্যের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের রান্না করিয়েছিল তারা। বসে খাওয়া দাওয়াও করেছিল! এরপরই সেখান থেকে বেরিয়ে এসে সেনা কনভয়ে হামলা চালায় তারা।
সূত্র মারফৎ জানা গেছে, জঙ্গিদের শরীরে লাগানো ছিল বিশেষ ক্যামেরা। তাতে হামলার সব ভিডিও রেকর্ড হচ্ছিল। শুধু হামলা করাই নয়, ভারতীয় জওয়ানদের থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে তারা। তবে পাল্টা হামলা চালানোয় দ্রুত এলাকা ছাড়ে জঙ্গিরা। কিন্তু এই ঘটনায় ৫ জওয়ান শহিদ হন। ইতিমধ্যে এই হামলার ঘটনায় ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অনুমান, তারা জঙ্গিদের হামলা করতে সাহায্য করেছে।
সেনা সূত্রে খবর, কনভয়ে হামলা হওয়ার আগে তার ঠিক সামনে একটি ট্রাক চলে এসেছিল। ফলে কনভয়ের গতি কমাতে হয়। তারপরই হামলা চালায় জঙ্গিরা। রাজ্যের পুলিশের অনুমান, ট্রাক চালক হয়তো ইচ্ছে করেই কনভয়ের সামনে চলে এসেছিলেন। তার সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
পাক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের ছত্রছায়ায় থাকা কাশ্মীর টাইগার সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তানের সীমান্ত পেরিয়েই জঙ্গিরা উপত্যকায় ঢুকেছিল। তাদের হাতে ছিল আমেরিকায় তৈরি হওয়া এম৪ কার্বাইন রাইফেল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিশোধ নেওয়া হবে। শহিদ জওয়ানদের বলিদান বৃথা যাবে না।