শেষ আপডেট: 8 January 2025 09:26
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের পর এবার গুজরাত। চেতনার পর বাঁচানো গেল না ১৮ বছরের তরুণীকেও। ৫৪০ ফুট গভীর কুয়ো থেকে শেষমেশ তাঁকে উদ্ধারকারীরা বের করে আনতে পারলেও প্রাণে বাঁচাতে পারলেন না। যুদ্ধকালীন তৎপরতায় টানা ৩৪ ঘণ্টা উদ্ধার অভিযান চললেও মৃত্যু হল তাঁর। ঘটনাকে কেন্দ্র করে গুজরাতের কুচ্ছ জেলার কান্ধারাই গ্রামে নেমেছে শোকের ছায়া।
সোমবার সকালে রাজস্থানের পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য ওই তরুণী ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যান। ভোর সাড়ে ৬টার দিকে কান্দেরাই গ্রামে ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে খবর, প্রথমে প্রশাসনকে পুরো বিষয়টি বললেও তাঁদের কথা শোনা হয়নি। পরে কুয়োর ভেতরে ক্যামেরা পাঠাতেই বিষয়টি স্পষ্ট হয়। দেখা যায় কুয়োর ভিতরে আটকে পড়েছেন তিনি। উদ্ধারকারীদের তরফে জানানো হয়, ১৮ বছর বয়সি তরুণী কুয়োর মধ্যে অচৈতন্য অবস্থায় ছিলেন। তাঁকে সবসময় অক্সিজেন সরবরাহের পাশাপাশি উদ্ধারের সমস্তরকম চেষ্টা চালানো হচ্ছিল।
সোমবার সকাল থেকে টানা ৩৪ ঘণ্টা পরিশ্রমের পর মঙ্গলবার রাতের দিকে কুয়োর বাইরে বের করে আনা হয় তরুণীকে। স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি এনডিআরএফ এবং বিএসএফও উদ্ধার অভিযানে হাত লাগায়। তাতেও লাভের লাভ কিছুই হল না।
এর আগে গত ২৩ ডিসেম্বর দুপুরে খেলার সময় ৭০০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় রাজস্থানের বছর তিনেকের চেতনা। প্রথমে ১৫ ফুট গভীরে আটকে থাকলেও পরিবারের লোকেরা তাকে বের করার চেষ্টা করলে প্রায় ১৫০ ফুট গভীরে পড়ে যায় শিশুটি।
এরপরই তাকে উদ্ধারে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ হলে মাঠে নামেন দক্ষ খনি-শ্রমিকেরা। টানা ১০ দিনের উদ্ধার অভিযান এবং পাঁচটি ব্যর্থ প্রচেষ্টার পর গত ১ জানুয়ারি চেতনাকে কুয়োর থেকে বের করে আনা হয়। এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চেতনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।