
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 10 April 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার অন্যতম ষড়যন্ত্রকারী লস্কর-ই-তৈয়বার সদস্য তাহাউর হুসেন রানাকে আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। দিল্লির তিহাড় জেলের একটি হাই-সিকিউরিটি ওয়ার্ডে তাঁকে রাখা হতে পারে বলে জানা গিয়েছে। কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আদালতের নির্দেশ অনুযায়ী।
৬৪ বছর বয়সি রানা পাকিস্তান বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। তিনি ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মার্কিন নাগরিক হেডলি বর্তমানে আমেরিকাতেই কারাদণ্ড ভোগ করছেন। রানা মার্চের ২০ তারিখে মার্কিন সুপ্রিম কোর্টে জরুরি আবেদন জানিয়েছিলেন, তবে ৭ এপ্রিল প্রধান বিচারপতি জন রবার্টস তাঁর আবেদন খারিজ করে দেন। এর ফলে তাঁর ভারতে প্রত্যর্পণের পথ একেবারে খুলে যায়। তাঁকে আনতে ভারতের একাধিক সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই আমেরিকায় গিয়েছিলেন।
২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আসা লস্কর জঙ্গিদের একটি দল আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে প্রবেশ করে। তারা টানা প্রায় ৬০ ঘণ্টা ধরে একযোগে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, তাজ ও ওবেরয় হোটেল এবং একটি ইহুদি উপাসনালয়ে নৃশংস হামলা চালায়। এই হামলায় প্রাণ হারান ১৬৬ জন নিরীহ মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর ভারত-পাকিস্তান সম্পর্ক পৌঁছায় তলানিতে।
এই বিভীষিকাময় ঘটনার সময় অসাধারণ তৎপরতা দেখিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করেন মুম্বইয়ের ‘ছোটু চা-ওয়ালা’ হিসেবে পরিচিত মোহাম্মদ তৌফিক। রানার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি ANI-কে বলেন, “তাহাউর রানার মতো সন্ত্রাসবাদীদের জন্য কোনও সেল, কোনও বিরিয়ানি দরকার নেই। কাসবকে যেমন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, সেটা কখনওই উচিত হয়নি। আমি চাই এমন আইন হোক, যাতে এদের দু-তিন মাসের মধ্যেই ফাঁসির সাজা হয়।”
তৌফিকের এই মন্তব্যে দেশের অনেক সাধারণ মানুষই সায় দিচ্ছেন। তাহাউর রানার বিরুদ্ধে জাতীয় তদন্ত সংস্থা (NIA) দিল্লিতে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা রুজু করে। তাঁর প্রত্যর্পণ মূলত এই মামলার ভিত্তিতে। তবে মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, তাঁরা এখনও রানাকে হেফাজতে নেওয়ার বা মুম্বইয়ে এনে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও সরকারি নির্দেশ পাননি। একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, "প্রত্যর্পণের শর্ত খতিয়ে দেখার পরেই বোঝা যাবে মুম্বই পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারবে কি না।"
উল্লেখ্য, এর আগেও তাহাউর রানা আমেরিকায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি ওই সংগঠনকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়েছিলেন বলেও প্রমাণিত হয়েছে। এই সংগঠনই ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার জন্য দায়ী, যাতে ১৭৪ জনের বেশি মানুষ প্রাণ হারান।