
শেষ আপডেট: 9 February 2024 23:55
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এবার সংশোধনাগারে থাকাকালীন মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।
শুধু বাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিষয়ে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলাটি গ্রহণ করেছে।
বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেন আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, সংশোধনাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন একাধিক মহিলা বন্দি। আদালত জানতে পারে, সম্প্রতি রাজ্যের জেলগুলিতেই ১৯৬টি শিশুর জন্ম হয়েছে। বিষয়টি শোনা মাত্রই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ বেঞ্চে মামলাটি স্থানান্তর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এরপর শুক্রবার বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে। বিচারপতি আসানুদ্দিন আমানুল্লার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে গোটা দেশে সংশোধনাগারগুলির দুরবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি চলছে। সেই মামলার সূত্রেই এদিন সংশ্লিষ্ট বিষয়টি অন্তর্ভুক্ত করে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এই মামলায় আদালত বান্ধব নিযুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী গৌরব অগরওয়াল। তাঁকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাপস ভঞ্জ জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আদালত বান্ধব। তারপরই বিষয়টি গৌরব সুপ্রিম কোর্টের বিচারপতিদের নজরে আনেন।
কলকাতা হাইকোর্টে তাপসবাবুর দাবি ছিল, কোনও মহিলা বিচারাধীন বা সাজাপ্রাপ্ত হওয়ার পর জেলে প্রবেশের আগে তাঁর প্রেগনেন্সি টেস্ট বাধ্যতামূলক করা হোক। হাইকোর্টে আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।