.webp)
যোগগুরু বাবা রামদেব। ফাইল ছবি।
শেষ আপডেট: 14 May 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের মালিক বালকৃষ্ণের বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মঙ্গলবার সর্বোচ্চ আদালত বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন মামলায় অভিযুক্ত রামদেব এবং বালকৃষ্ণকে হাজিরা দেওয়ার হাত থেকেও নিষ্কৃতি দিয়েছে। তবে এদিন শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করেছে মূল মামলাকারী ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি আরভি অশোকনকে।
যে বিজ্ঞাপনে মানুষকে ভুল বোঝানো হয়েছে বলে অভিযোগ এবং যেসব ওষুধের অ্যালোপ্যাথির তুলনায় নিরাময় ক্ষমতা নেই সেই সব বিজ্ঞাপন ও ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ সম্পর্কে পতঞ্জলি কী পদক্ষেপ করেছে, তার জন্য হলফনামা দিতে বলা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে আইএমএ-র উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এদিন আদালত। বিচারপতি হিমা কোহলি এবং আশানুদ্দিন আমানুল্লার বেঞ্চ সংগঠনের সভাপতি অশোকন একটি সাক্ষাৎকার দেওয়ায় তাঁকে তুলোধনা করে। আদালতের রায় নিয়ে সাক্ষাৎকারে অনেক কিছু মন্তব্য করায় তাঁর উপর রুষ্ট হয়েছে বেঞ্চ।
এ বিষয়ে অশোকনের জমা দেওয়া নিঃশর্ত ক্ষমাভিক্ষায় সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট। গ্রহণ করতেও অস্বীকার করেছে। আদালতের কথায়, পতঞ্জলি যা করেছে, আপনিও ঠিক তাই করেছেন। আপনিও তো কোনও অজ্ঞ মানুষ নন। এরকমটা করলে তার ফল কী হতে পারে, আপনি কি তা জানতেন না, প্রশ্ন তোলে বেঞ্চ। আপনি একজন পদাধিকারী হয়ে আদালতের রায় নিয়ে প্রলাপ বকে যাবেন, তা হতে পারে না।
বেঞ্চ আরও বলেছে, বাক স্বাধীনতার অর্থ এই নয় যে, কোথায় কতটুকু বলা যায় আর যায় না তা ভাববেন না। আপনার বক্তব্যে সংযত হওয়া উচিত ছিল। আইএমএ-র সভাপতি হিসেবে আপনার আত্মসংযম থাকবে এটা আশা করাই যায়। এটাই আসল কথা। আপনার সাক্ষাৎকারে আমরা সেসব লক্ষ্য করিনি।