
বাবা রামদেব
শেষ আপডেট: 9 July 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: রামদেবের পতঞ্জলি সংস্থার বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। যে পণ্যগুলির লাইসেন্স বাতিল হয়েছে তা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই ইস্যুতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-কে নজরদারির দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।
পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলা করেছিল আইএমএ। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। তবে রামদেবের সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন যে, বিজ্ঞাপনগুলি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।
উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির ১৪টি পণ্য নিষিদ্ধ করে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় দিব্য ফার্মাসির এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও কোভিড ভ্যাকসিনের বিরুদ্ধে দেওয়া পতঞ্জলীর বিজ্ঞাপনকে ঘিরেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সেই মামলাতে একাধিক দফায় রামদেব এবং তাঁর সহযোগী বালকৃষ্ণকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও রেহাই পাননি তাঁরা।